স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না শ্রীলংকা। বিশেষ করে, গতি দিয়ে লংকান শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন পেসার এনরিখ নোর্কিয়া। ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। তাতে নির্ধারিত ২০ ওভারের ৫ বল বাকি থাকতেই ৭৭ রানে গুটিয়ে গেছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন দলটি।
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার লড়াই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হয়েছে ‘ডি’ গ্রুপের লড়াই। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সেই সিদ্ধান্ত যে হিতে বিপরীত হয়েছে, সেটি বোঝাতে খুব বেশি সময় নেননি লংকান ব্যাটাররা। ১৩ রানের মাথায়ই অভিষিক্ত ওটেনেইল বার্টম্যানকে উইকেট দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা।
দ্বিতীয় উইকেটে ১৮ রান যোগ করেন ওপেনার কুশল মেন্ডিস ও তিনে নামা কামিন্দু মেন্ডিস। ৩১ রানের মাথায় নোর্কিয়ার বলে ফেরেন কামিন্দু। চারে নামা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পাঁচে নামা সাদিরা সামারাবিক্রমা ফেরেন শূন্য রানেই। এই দুই উইকেট নেন স্পিনার কেশাভ মহারাজ। একপাশ আগলে রেখে কুশল মেন্ডিস লড়াই করতে চাইলেও বেশিক্ষণ পারেননি। ৩০ বলে ১৯ রান করে নোর্কিয়ার বলেই ফেরেন তিনি।
৪০ রানে পাঁচ উইকেট হারানো লংকানরা তাদের ষষ্ঠ উইকেট হারায় আর ৫ রান যোগ হতেই। চারিথ আসালাঙ্কাকেও ফেরান নোর্কিয়া। সপ্তম উইকেটে ২৩ রান যোগ করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। কুশল ও কামিন্দুর পর মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ইনিংসে দুই অঙ্কের রানের দেখা পান ম্যাথিউস (১৬ বলে ১৬)। শেষের দিকেও কেউ সেভাবে দাঁড়াতে না পারায় ৭৭ রানেই গুটিয়ে যায় লংকানরা।
নোর্কিয়া ছাড়াও দারুণ বল করেছেন অভিষিক্ত বার্টম্যান। ৪ ওভারে ১ মেডেন আদায় করাসহ মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহারাজ। কাগিসো রাবাদা ২ উইকেট নিয়েছেন তার চেয়েও ১ রান কম দিয়ে।











































