স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই চার-ছক্কার এই আসরে ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের ৫ দলের মধ্যে ২টি উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা ৪ দল খেলবে সেমিফাইনাল, তারপর ফাইনাল।
বিশ্বকাপ উপলক্ষে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে নানা ভবিষ্যদ্বাণীও। কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলবে; সেগুলো নিয়ে নিজেদের ভাবনা জানাচ্ছেন ক্রিকেটের সাবেক তারকারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বিশ্বকাপের ফেবারিট হিসেবে সবার আগে রেখেছেন অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানের নাম বললেও একটু ইতস্ততই করেছেন এই তারকা। তবে ভারতকেও শক্তিশালী বলেছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটার।
বিশ্বকাপ উপলক্ষে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও ইরফান পাঠানের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিসবাহ বলেন, ‘অস্ট্রেলিয়ার পক্ষে (বিশ্বকাপের ফেবারিট) বাজি ধরাই মনে হয় সবচেয়ে নিরাপদ। তারা জানে কীভাবে জিততে হয়। তারা মাত্র একজন স্পিনার নিয়ে এশিয়ায় খেলতে (ওয়ানডে বিশ্বকাপ) এল এবং জিতল। কোনো বিশ্বকাপ থেকে আপনি অস্ট্রেলিয়াকে মুছে দিতে পারেন না। দ্বিতীয় দল বাছা বেশ কঠিন। পাকিস্তানে বসবাস করতে হবে তাই পাকিস্তানের হয়েই এরপর বাজি ধরতে হবে। ভারতের দলও খুবই শক্তিশালী।’
যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচের পর দ্বিতীয় দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন, আয়ারল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপপর্বের সবচেয়ে বড় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে ৯ জুন। ভারত-পাকিস্তানের গ্রুপ ‘এ’-র অন্য দুই দল হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা।











































