Home Uncategorized আট বছরেই ফুলেফেঁপে ওঠে বেনজীরের সম্পদ

আট বছরেই ফুলেফেঁপে ওঠে বেনজীরের সম্পদ

106


খুলনাঞ্চল রিপোর্ট।।

এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার বছরখানেক আগে থেকে দেশের বিভিন্ন এলাকায় সম্পদ কেনা শুরু করেন বেনজীর আহমেদ। তখন তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের দায়িত্বে ছিলেন। এরপর সাড়ে চার বছর র‌্যাবের নেতৃত্ব দেন। এরও পরে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে ছিলেন প্রায় আড়াই বছর। সব মিলিয়ে এই ৮ বছরেই বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা বিপুল বিত্তবৈভবের মালিক বনে যান। এসব সম্পত্তির মধ্যে অধিকাংশের দলিলই করা হয়েছে নামসর্বস্ব কয়েকটি কোম্পানির চেয়ারম্যান উল্লেখ করে তার স্ত্রীর নামে।

অন্যদিকে বেনজীর ও তার পরিবারের নামে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ২৫টি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেরিয়ে আসে। এসব কোম্পানির মধ্যে কোনোটি তার পরিবারের সদস্যদের নামে শতভাগ ও আবার কোনোটিতে রয়েছে আংশিক বিনিয়োগ।

২০১৪ সালে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নিজের নামে ৫টি দলিলে পৌনে দুই একর জায়গা কেনেন বেনজীর। ২০১৭ সালে পর্যটন জেলা কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে স্ত্রী জীশান মীর্জা এবং তিন মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর, তাহসিন রাইশা বিনতে বেনজীর ও জারা জেরিন বিনতে বেনজীরের নামে জমি কিনেছেন। তবে তার আগে ২০০৯ সালে ইনানী সমুদ্রসৈকতে বেনজীরের স্ত্রীর নামে প্রথম ৪০ শতাংশ জমি কেনার রেকর্ড পাওয়া যায়। সর্বশেষ ২০২৩ সালের মার্চে বেনজীর আহমেদ অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যে রাজধানীর গুলশানে একদিনে ৯ হাজার ১৯৩ বর্গফুটের ৪টি ফ্ল্যাট কেনেন।

বেনজীরের বিপুল বিত্তবৈভব নিয়ে গত ৩১ মার্চ ও ৩ এপ্রিল গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এতে সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে গত ১৮ এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এ অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদ, স্ত্রী জীশান মীর্জা ও তিন মেয়ের নামে ১৯৬টি দলিলে থাকা ৬২৭ বিঘা জমি (২০ হাজার ৭০৩ শতক), ৩৩টি ব্যাংক হিসাব ও ২৫টি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে বলে সন্ধান পায় দুদক। এরপর গত ২৩ ও ২৬ মে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

আদালতের নথি থেকে জানা যায়, বেনজীরের সম্পত্তির একটি বড় অংশ রয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের তিন উপজেলায়। গোপলগঞ্জ সদরে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৫টি দলিলে ২৪০ বিঘা জমি কিনেছেন তিনি। টুঙ্গিপাড়ায় তিনটি দলিলে ৪৭ শতাংশ, কোটালীপাড়ায় ৩৫ বিঘা জমি কিনেছেন। এ ছাড়া পাশর্^বর্তী জেলা মাদারীপুরের রাজৈরে ২০২১ ও ২০২২ সালে স্ত্রী জীশান মীর্জার নামে প্রায় ২৮০ বিঘা জমি কেনা হয়েছে।

সম্পদ ক্রয়ের পূর্বানুমোদন নেই : সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের সদস্যরা আড়াই লাখ টাকার অধিক স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন লাগবে। এক্ষেত্রে বেনজীর আহমেদ কোনো পূর্বানুমোদন নিয়েছেন কিনা, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কেউ জানাতে পারেননি।

১০ কোটি টাকা উত্তোলনের খবর পায় দুদক : এদিকে সম্পদ জব্দের আগেই বেনজীর বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানসংশ্লিষ্ট দুদকের এক কর্মকর্তা জানান, এক মাস আগে বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধান শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে তার সম্পদসংক্রান্ত নানা তথ্য আসতে থাকে। একপর্যায়ে কয়েকটি ব্যাংক থেকে তিনি টাকা উত্তোলন করেছেন বলে তথ্য আসে। খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়। এরপর তার সব সম্পদ জব্দের সিদ্ধান্ত নেন অনুসন্ধান টিম। জব্দের আগে বেনজীর আহমেদ ১০ কোটি টাকা উত্তোলন করেছেন বলে জানা যায়।

অনুসন্ধান চলমান : দুদকের ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধান এখনো শেষ হয়নি। অনুসন্ধান কার্যক্রম শেষ হলে জানা যাবে তার মোট কী পরিমাণ সম্পদ রয়েছে। দেশের অন্যান্য এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরে কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে, সেগুলোর জবাব এলে তার আরও সম্পদ আছে কিনা, সে বিষয়ে তথ্য জানা যাবে।

এদিকে ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ জুন তলব করেছে দুদক। এ ছাড়া ৯ জুন তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এদিকে বেনজীর আহমেদ তার পরিবার নিয়ে দেশেই আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন- তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। দুদকের একটি সূত্র জানায়, তিনি দেশেই আছেন। তবে কারও সঙ্গে যোগাযোগ করছেন না। দুদক থেকে আপাতত তাকে গ্রেপ্তার করার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। তবে কয়েকটি গণমাধ্যমের খবরে জানা যায়, বেনজীর পরিবার নিয়ে মে মাসের শুরুতেই দুবাইয়ে পালিয়ে গেছেন। এ তথ্যের সমর্থনে নিশ্চিত কোনো সূত্র পাওয়া যায়নি।

বেনজীর আহমেদের দেশত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা উচিত কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘এটার তো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। দুদক মামলা করলে আদালত ঠিক করবেন, কখন গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। আমরা সরকার কী আদেশ দেব?’

সম্পদের খোঁজে এনবিআর : বেনজীর আহমেদের বেনামি সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার চলতি এবং গত চার করবর্ষের আয়কর রিটার্নে দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সম্পদ বৃদ্ধির পরিমাণ। স্থাবর-অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের সঙ্গে সমন্বয় আছে কিনা তা দেখছে এনবিআর। এ ছাড়া তার স্ত্রী ও সন্তানদের আয়, ব্যয় ও সম্পদের প্রকৃত পরিমাণও খতিয়ে দেখছে সংস্থাটি।

গণমাধ্যমে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে প্রায় ১৪০০ বিঘা জমিতে একটি ইকো রিসোর্ট গড়ে তুলেছে বেনজীর পরিবার। এ ছাড়া ঢাকা ও পূর্বাচলে সাবেক এ আইজিপির একাধিক ফ্ল্যাট ও বাড়ি আছে। তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়ার কথাও বলা হয় প্রতিবেদনে। পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫শ কোটি টাকার বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব ও এর সাবেক-বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। ওই তালিকায় বেনজীর আহমেদের নামও আসে। যদিও নিষেধাজ্ঞার পরের বছর ২০২২ সালের ৩১ আগস্টে শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ পুলিশ সামিটে অংশ নিয়েছিলেন তিনি। শর্তানুযায়ী জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারেননি তৎকালীন আইজিপি বেনজীর আহমেদ। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরির আইন অনুযায়ী অবসরে যান তিনি।

জানা যায়, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই সদস্য। এসব ক্লাবের সদস্য হতে গুনতে হয়েছে প্রায় তিন কোটি টাকা। অবসরে যাওয়ার কিছুদিন আগে মাসখানেকের ব্যবধানে তিনি চারটি অভিজাত ক্লাবের সদস্য হন। শুধু গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকা। আর বাকি তিন ক্লাবের জন্য ৫০ লাখ করে আরও দেড় কোটি টাকা খরচ হয়েছে।