Home খেলাধুলা ৪৭৯ রানের ম্যাচে অজিদের হারিয়ে ‘হুমকি’ বজায় রাখল উইন্ডিজ

৪৭৯ রানের ম্যাচে অজিদের হারিয়ে ‘হুমকি’ বজায় রাখল উইন্ডিজ

46


স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্বকে ওয়েস্ট ইন্ডিজ জানান দিয়েছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেবারিট তারা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়ে সেই হুমকি বজায় রাখল দুইবারের চ্যাম্পিয়ন দলটি। দুই দল এদিন মিলে করেছে ৪৭৯ রান। ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রানের জবাবে অজিরা থেমেছে ২২২ রানে।

পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়া এদিনও ম্যাচ খেলতে নেমেছে স্কোয়াডের ৯ জনকে নিয়ে। এর আগে নামিবিয়ার বিপক্ষে এই ৯ জন নিয়েই বিশাল জয় তুলে নিয়েছিল তারা। আইপিএলে খেলা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড দলের সঙ্গে এখনো যোগ দেননি। আর ওয়েস্ট ইন্ডিজে পৌঁছালেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলেন না অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস।

ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রান করার পেছনে মূল অবদান দলের তিন ব্যাটার নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ডের। তিনে নেমে মাত্র ২৫ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ৫টি চারের সঙ্গে ৮টি ছক্কা হাঁকান তিনি। ২৫ বলে ৫২ রান করেছেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। সমান ৪টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। রাদারফোর্ডের বাউন্ডারি সংখ্যাও একেবারেই রোভম্যানের সমান। ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এর বাইরে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন ওপেনার জনসন চার্লস।

৪ ওভারের কোটা পূর্ণ করে এদিন অস্ট্রেলিয়ার ৩ বোলারই পঞ্চাশের ওপরে রান দিয়েছেন। ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জশ হ্যাজলউড, ৫৮ রান দিয়ে ১ উইকেট অ্যাশটন অ্যাগারের। আর অ্যাডাম জাম্পা ২ উইকেট পেলেও ৬২ রান দিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

খর্বশক্তির দল নিয়ে কম যায়নি অস্ট্রেলিয়াও। এদিন ওপেনিংয়ে নামেন মূলত বোলার অ্যাগার। ১৩ বলে ২৮ রান করে মন্দ করেননি তিনি। অস্ট্রেলিয়ার রান দুই শ ছাড়ানো পেছনে বড় অবদান জশ ইংলিস ও নাথান এলিসের। ৩০ বলে ৫টি চার ৪ ছক্কায় ৫৫ রান করেন ইংলিস। ২২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ রান আসে এলিসের ব্যাট থেকে।