Home আন্তর্জাতিক শেষ দফার নির্বাচন: শনিবার ভাগ্য পরীক্ষা মোদির

শেষ দফার নির্বাচন: শনিবার ভাগ্য পরীক্ষা মোদির

36


অনলাইন ডেস্ক।।

রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। শনিবার ভোটগ্রহণ হবে দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে। এর মধ্যে দিয়েই ভারতের ৫৪৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫.২৪ কোটি, নারী ভোটার ৪.৮২ কোটি, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ হাজার ৫৭৪ জন। ভোটগ্রহণ হবে ইভিএমে। ভোটগ্রহণের জন্য এ দফায় গোটা দেশজুড়ে ১.০৯ লাখ ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭ টায়, চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

শেষ দফায় ভোট নেওয়া হবে উত্তর প্রদেশ (১৩), পাঞ্জাব (১৩), পশ্চিমবঙ্গ (৯), বিহার (৮), ওড়িশা (৬), হিমাচল প্রদেশ (৪), ঝাড়খন্ড (৩), চন্ডিগড় (১) আসনগুলোতে।

এ দফায় দেশজুড়ে ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোদি। এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর (হামিরপুর), রবি শংকর প্রসাদ (পাটনা সাহিব), বিজেপি প্রার্থী ভোজপুরি অভিনেতা রবি কিষান (গোরখপুর), বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের কন্যা আরজেডি প্রার্থী মিসা ভারতী (পাটলিপুত্র), সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা আনন্দ শর্মা (কাংড়া), বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (মান্ডি), তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি (ডায়মন্ড হারবার), টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ (যাদবপুর), বিজেপির রেখা পাত্র (সন্দেশখালি), শিরোমণি আকালি দলের প্রার্থী হরসিমরাত কৌর বাদলের (ভাতিণ্ডা) ভাগ্য পরীক্ষা হবে।

গত ১৬ মার্চ লোকসভা ভোটের সময়সূচি প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। আড়াই মাসের বেশি সময় ধরে নির্বাচন প্রক্রিয়া চলছে ভারতজুড়ে।