Home আন্তর্জাতিক রাডারে ধরা পড়ে না এমন যুদ্ধবিমান সিকিম সীমান্তে মোতায়েন করল চীন

রাডারে ধরা পড়ে না এমন যুদ্ধবিমান সিকিম সীমান্তে মোতায়েন করল চীন

29


অনলাইন ডেস্ক।।

সিকিম থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী এলাকায় একাধিক অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট। অতি শক্তিশালী রাডার না হলে যা সহজে ধরা পড়ে না। খবর এনডিটিভির

ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে। যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমানঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে, গত ২৭ মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়।

এর আগে চীনের শিগাৎসে বিমানঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের। সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বিমানঘাঁটিতে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারাবছর। তাই হঠাৎ ছয়-ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কী প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি ভারতীয় বিমানবাহিনী। এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের।