Home আঞ্চলিক খুলনায় ক্ষতিগ্রস্ত ১৮ কিলোমিটার সংস্কার না হওয়ায় আরও দুর্বল হচ্ছে ভাঙা বেড়িবাঁধ

খুলনায় ক্ষতিগ্রস্ত ১৮ কিলোমিটার সংস্কার না হওয়ায় আরও দুর্বল হচ্ছে ভাঙা বেড়িবাঁধ

47



স্টাফ রিপোর্টার।।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার ছয় উপজেলার ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজ শুরু না হওয়ায় জোয়ারে ওই বাঁধ আরও দুর্বল হয়ে পড়ছে। বাঁধ মেরামত কাজে দেরি করলে সংস্কার খরচও বাড়বে। এদিকে বর্ষার আগে মেরামত করা না গেলে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খুলনা ডিভিশন-২ অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালে কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটার (একাংশ) ৯৫ স্থানের প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ডিভিশন-১-এর আওতাধীন ডুমুরিয়া, বটিয়াঘাটা ও তেরখাদায় ১ দশমিক ৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিন দেখা গেছে, কয়রার মদিনাবাদ লঞ্চঘাট থেকে তহশিল অফিস ও লঞ্চঘাট থেকে গোবরা গ্রামের দিকের বেড়িবাঁধের কয়েকটি স্থান ক্ষয়ে সরু হয়ে গেছে। দাকোপের কামিনীবাসিয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে প্রায় ১০০ গজ, কালাবগি গ্রামের চেয়ারম্যানের ঘাট এলাকার দুটি স্থানে ১৫০ ফুট ও খলিসা গ্রামের তিন স্থানে ১৫০ ফুট বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় লোকজন জানান, গত মঙ্গল ও বুধবার পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকরা দশহালিয়া গ্রামে ভেঙে যাওয়া বেড়িবাঁধের তিন স্থানের মধ্যে দুই স্থানে ভোর থেকে দুপুর পর্যন্ত সংস্কার করে। তাদের সঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজ করেন চিংড়ি ঘের মালিক, কৃষকসহ গ্রামের অনেক মানুষ। তবে দুপুরের জোয়ারে সেই অংশ দিয়ে আবার লোকালয়ে পানি ঢোকে। বৃহস্পতিবার মেরামত কাজ করা হয়নি, দুপুরের জোয়ারে দুই স্থান দিয়ে আবারও লোকালয়ে পানি ঢুকেছে।

কয়রার মহারাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, দশহালিয়ায় ভেঙে যাওয়া দুটি স্থানের বাঁধ মেরামতের জন্য পাউবোকে জিও টিউব ও বালুর ব্যবস্থা করতে বলা হয়েছিল। তারা ২ দিনেও তা সরবরাহ করতে পারেনি। এ কারণে বাঁধ মেরামত কাজ বন্ধ। জোয়ারের পানিতে দিনে ২ বার বসতবাড়ি, চিংড়ি ঘের ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। লোকালয়ে প্রবেশ করা পানির চাপে ইটের সলিং রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম।

তিনি বলেন, যেসব স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দ্রুত সংস্কার কাজ শুরু করা দরকার। কারণ জোয়ারের পানিতে ওই বাঁধ আরও দুর্বল হয়ে পড়ছে। যত দেরি হবে সংস্কার কাজে খরচ তত বাড়বে। এ ছাড়া বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করা না হলে বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। এদিকে দাকোপের কামিনীবাসিয়া এলাকায় পাউবোর নিযুক্ত শ্রমিক ও গ্রামবাসী তিন দিন ধরে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ করেন। তবে মেরামত শেষ করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ফের জোয়ারের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে।

এ ব্যাপারে পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত ১৭ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য ১৩ কোটি টাকা প্রয়োজন। বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু হবে। তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালে ৮টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে। এর মধ্যে পাইকগাছার দেলুটিসহ ৬টি স্থানের বাঁধ মেরামত শেষ হয়েছে। কয়রার দশহালিয়া এবং দাকোপের কামিনিবাসিয়া ও বটবুনিয়া এলাকায় ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে।

পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান জানান, ডুমুরিয়ার শরাফপুর ও চাঁদগড়, বটিয়াঘাটার জলমা ও সুরখালি এবং তেরখাদার পারহাজীগ্রামে ১ দশমিক ৪ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতে কত টাকা লাগবে তার হিসাব করা হচ্ছে। হিসাব চূড়ান্ত হলে বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হবে।