স্টাফ রিপোর্টার।।
খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে রনি হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী মো: মিজান হাওলাদার@বস মিজান (৩৬)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার@বস মিজান রনি হত্যা মামলার এজাহারনামীয় আসামী।
গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার@বস মিজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে।

গ্রেফতারকৃত আসামী সন্ত্রাসী মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনা থানাধীন চানমারী এ্যাপ্রোচ রোডস্থ জনৈক রোকেয়া বেগম এর বাড়ি হোল্ডিং নং-৩১ এ অভিযান পরিচালনা করে আসামীর দেখানো মতে ভাড়াকৃত বসতঘরের শয়নকক্ষের খাটের তোষকের নিচ হতে ০১(এক) টি ওয়ান শুটার গান এবং ০৪(চার) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার@বস মিজান এর বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক তদন্ত ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, নগরীর রনি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মিজান এর বিরুদ্ধে কেএমপিসহ দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১ টি মামলা রয়েছে।











































