মিলি রহমান।।
বরই বা বড়ই বা কুল, এর বৈজ্ঞানিক নাম: Ziziphus zizyphus। বরই দক্ষিণ এশিয়ায় বহুল প্রচলিত কন্টকপূর্ণ গাছের ফল। বাংলাদেশের প্রায় সব জায়গায় এবং সবপ্রকার মাটিতেই বরই গাছ জন্মে।
একটু ডিম্বাকৃতির বরইকে সচরাচর ‘কুল’ বলে অভিহিত করা হয়। বরই গাছ ছোট থেকে মাঝারি আকারের ঝোপাল প্রকৃতির বৃক্ষ। বরই গাছের স্বাভাবিক উচ্চতা ১২-১৩ মিটার। এই গাছ পত্রঝরা স্বভাবী অর্থাৎ শীতকালে পাতা ঝরে, বসন্তে নতুন পাতা আসে। বরই গাছের ডাল-পালা ঊর্ধ্বমুখী। বৎসরের সেপ্টেম্বরে – অক্টোবরে মৌসুমে গাছে ফুল আসে। ফল ধরে শীতে।
ফল গোলাকার, ছোট থেকে মাঝারি। ফল আকারে ছোট, কমবেশী ২.৫ সেন্টিমিটার। ফল পাকলে রঙ হলুদ থেকে লাল বর্ণ হয়। কাঁচা ও পাকা উভয় পদের বরই খাওয়া হয়। স্বাদ টক ও কাঁচামিঠা জাতীয়। বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। পাকা বরই শুকিয়ে চাটনি প্রস্তুত করা হয়।
দেশি ফলের মধ্যে বরই বেশ জনপ্রিয়। কাঁচা অথবা আচার বানিয়ে খাওয়া যায় বরই। টক-মিষ্টি এই ফলটির রয়েছে প্রচুর পুষ্টিগুণ। তবে পুষ্টিগুণ ছাড়াও বরইয়ের রয়েছে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা। বরইতে ফ্যাট নাই বললেই চলে। ২ আউন্স (প্রায় ৪টি) বরই খেলে শরীরে ৪৪ ক্যালরি শক্তি যোগান দেয়, কিন্তু ফ্যাট প্রায় শূন্য। ফলে ওজন নিয়ন্ত্রণেও এরা সাহায্য করতে পারে।
বড়ইয়ের পুষ্টিগুন ও ঔষধিগুন
(১) বরইয়ে প্রচুর ভিটামিন সি রয়েছে। গলার ইনফেকশন জনিত অসুখ যেমন-টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঠান্ডাজনিত লালচে ব্রণের মতো ফুলে যাওয়া, ঠোঁটের চামড়া উঠে যাওয়া রোধ করে।
(২) বরইয়ের রস অ্যান্টিক্যান্সার ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। এই ফলে রয়েছে ক্যান্সার সেল, টিউমার সেল, লিউকোমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ শক্তি।
(৩) উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল যথেষ্ট উপকারি। রক্ত বিশুদ্ধকারক হিসেবে এই ফলের গুরুত্ব অপরিসীম।
(৪) উচ্চমানের ভিটামিন এ রয়েছে এই ফলে। ওজন নিয়ন্ত্রণ এবং কোলস্টেরল কমানো জন্য রয়েছে এর চমকপ্রদ ক্ষমতা। এছাড়াও বরইয়ের খোসা খাবার হজমে সাহায্যে করে।
(৫) বরইতে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি সহ আরো অনেক ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, যা হাড়কে শক্ত ও মজবুত করে।











































