রোগী বহনে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ, শোকজ
স্টাফ রিপোর্টার।।
ঘূর্ণিঝড় রেমালের রাতে (২৬ মে) রোগীকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানানো খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক মফিজুল মিনা’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় (খুলনা-৪) সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার মাসিক আইন- শৃঙ্খলা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এ্যাম্বুলেন্স চালকের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না । সততার সাথে দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি এ্যাম্বুলেন্স চালকের অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন ।
এদিকে, ঝড়ের রাতে রোগীকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানানো এবং কর্মস্থলে অবস্থান না করায় অ্যাম্বুলেন্সচালক মফিজুল মিনাকে শোকজ করা হয়েছে। তাকে তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। মফিজুলের বিরুদ্ধে রোগী বহনে অতিরিক্ত অর্থ গ্রহণের আরও অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মাহবুব আলম বলেন, অ্যাম্বুলেন্স চালক মফিজুল মিনা দুর্যোগ আবহাওয়ায় দায়িত্ব অবহেলার কারণে তাকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। এমপি সাহেবের বক্তব্যের জবাবের কথা তিনি বলেন, আমি খুলনা জেলা মিটিং এ ছিলাম। উপজেলা মিটিংয়ে আমার প্রতিনিধি ছিল। তার কাছ থেকে শুনে ব্যবস্থা নেওয়া হবে।
আইন- শৃঙ্খলা সভাযর সূত্র জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যা ও এ্যাম্বুলেন্স চালক রোগীর স্বজনদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয় উপজেলা আইন -শৃঙ্খলা সভায় উত্থাপিত হলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার অভিযোগ করেন, দূর্গা পূজার গাজীরাট দায়িত্ব পালনের সময় আনসার সদস্য শেখ সুলাইমান অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে এ্যাম্বুলেন্স চালক মফিজ মিনাকে ৭ শ’ টাকা পরিশোধ করতে হয়।
দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা ৩০ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে আইন- শৃঙ্খলা সভা হয়।
উল্লেখ্য, ২৬ মে ঝড়ের রাতে অভিযোগকারী জামাল হোসেনের মা মনোয়ারা বেগমের বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মো. মফিজুল মিনাকে ফোন করা হয়। তিনি (অ্যাম্বুলেন্স চালক) বলেন, ‘আমি এখন ঘুমাচ্ছি, নিতে পারবো না। রোগী হাসপাতালে নেওয়ার দরকার হলে অন্য ব্যবস্থা করুন।’ পরে তিনি তার মাকে অন্য গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে টনক নড়ে কর্তৃপক্ষের।
স্থানীয়দের অভিযোগ, মো. মফিজুল মিনার অবহেলার কারণে দিঘলিয়া উপজেলাবাসী অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা থেকে খুলনা শহর ও বিভিন্ন জেলায় গেলে তিনি তিনি নির্ধারিত সরকারি ফি বেশি পান। কিন্তু, উপজেলার কোনো রোগী তাকে ফোন দিলে হয় ফোন রিসিভ করেন না অথবা তাকে অন্য কোনো ব্যবস্থা করতে বলেন। কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আনলে তিনি সরকার নির্ধারিত ফি কম পান। এজন্য তার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বহনে আগ্রহ কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, রোববার লিখিতভাবে সব দপ্তরকে স্ব স্ব কর্মস্থলে থাকতে বলা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স চালক মো. মফিজুল মিনা রাতে হাসপাতালে না থেকে বাসায় ঘুমিয়ে থাকা খুবই দুঃখজনক বিষয়।











































