Home বিনোদন পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠালেন মিষ্টি জান্নাত

পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠালেন মিষ্টি জান্নাত

38


বিনোদন ডেস্ক


মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। এবার মিষ্টি জান্নাতও হাঁটলেন একই পথে। এদিকে সোমবার (২৭ মে) ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর নোটিশটি পাঠিয়েছেন মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি।

মিষ্টি জান্নাতের পাঠানো নোটিশে বলা হয়েছে, মানহানির কথা বলে নোটিশ দেয়া হয়েছে। কিন্তু কোন সাক্ষাৎকারে, কোন গণমাধ্যম বা টিভিতে বা কোন সোশ্যাল মিডিয়ায় তা উল্লেখ করা হয়নি। অথবা নির্দিষ্ট কোনও লিংকও দেয়া হয়নি। এমতাবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে। এছাড়া নোটিশে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনের কোনও স্থান ও সময় উল্লেখ করা হয়নি। তাই এ নোটিশটি অস্পষ্ট এবং কল্পনাপ্রসূত। যার কোনও আইনি ভিত্তি নেই। এটির মাধ্যমে ভুয়া তথ্য ছাড়ানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। এতে মিষ্টি জান্নাতের মানহানি হয়েছে।


এ কারণে নোটিশটি প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায়, তমা মির্জার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।