খুলনাঞ্চল রিপোর্ট।।
নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর সন্ধান মিলেছে বিজয়নগর উপজেলা পরিষদে নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। প্রীতির স্বামী মাসুদ খন্দকারের দাবি, প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে তাঁর স্ত্রীকে গুম করার চেষ্টা করেছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, সকাল ৭টায় নিখোঁজ প্রীতি খন্দকার তাঁর স্বামীকে ফোন করেছিলেন। বিষয়টি জানতে পেরে প্রীতি খন্দকারের সঙ্গে যোগাযোগ করি। পরে তাঁকে কাঁচপুর হাইওয়ে থানায় যাওয়ার পরামর্শ দিই। সেখানেই তিনি আছেন। তাঁকে উদ্ধার করে এলাকায় আনার জন্য পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
মাসুদ খন্দকার জানান, প্রীতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে (পদ্মফুল) নির্বাচন করছে। সার্ভার ক্রুটির কারণে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে না পারায় নির্বাচনের অযোগ্য ঘোষিত হয় সে। পরে আদালত থেকে প্রার্থীতা ফিরে পায়। মঙ্গলবার দুপুরে দুইজন সহযোগীয় নিয়ে হরষপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারে যায়। ঋষি পাড়ায় ভোটারদের সঙ্গে কথার কোনো এক সময় সে নিখোজ হয়। তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। বুধবার সকালে থানায় জিডি করা হয়। নির্বাচনের প্রতিপক্ষের দ্বারা প্রীতি গুম হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।











































