Home খেলাধুলা বায়ার্নের কোচের দায়িত্ব নিলেন কোম্পানি

বায়ার্নের কোচের দায়িত্ব নিলেন কোম্পানি

39


স্পোর্টস ডেস্ক।।

বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে টমাস টুখেলের বিদায় নিশ্চিত হওয়ার পর গুঞ্জন ছিল, দলটির কোচ হচ্ছেন ভিনসেন্ট কোম্পানি। সেই গুঞ্জনই অবশেষে সত্যি হলো। আজ বুধবার কোম্পানিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে বায়ার্ন।২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে তার।


বেয়ার লেভারকুসেনের কাছে টানা ১১ বছর পর জার্মান লিগ বুন্দেসলিগা হাতছাড়া হয়েছে বায়ার্ন মিউনিখের। তাইতো কোচ টমাস টুখেলকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল বাভারিয়ানরা। তবে উপযুক্ত কোচ পাচ্ছিল না জার্মান জায়ান্টরা। পরে টুখেলকে থেকে যাওয়ার প্রস্তাব দেয় ক্লাবটি। তবে তাতে রাজি হননি টুখেল। শেষমেশ ইংল্যান্ডের ক্লাব বার্নলি থেকে তারা উড়িয়ে আনে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার কোম্পানিকে।

বায়ার্নের কোচ হয়ে কোম্পানি বলেছেন, ‘বায়ার্নে আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। এই ক্লাবের হয়ে কাজ করতে পারাটা বিরাট সম্মানের। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন মিউনিখ সবসময়ই একটি প্রতিষ্ঠান।… আমি সৃজনশীল ও বল দখলের খেলা পছন্দ করি, তাই পিচে আমাদের আক্রমণাত্মক ও সাহসী হতে হবে।’

বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ডিফেন্ডার কোম্পানি খেলোয়াড়ি জীবনে ছিলেন দুর্দান্ত। তবে কোচিং ক্যারিয়ারে এসে খুব একটা সফল হতে পারেননি তিনি। দায়িত্ব নিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলির। তবে সদ্য সমাপ্ত মৌসুমে ১৯ নম্বরে থেকে দ্বিতীয় বিভাগে অবনমিত হয় ক্লাবটি।

খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টার সিটির হয়ে ১১ মৌসুমে ১২টি শিরোপা জেতেনে কোম্পানি। দীর্ঘদিন ক্লাব ও বেলজিয়ামের অধিনায়কত্ব করেছেন তিনি। জানা গেছে, জার্মান ভাষায় বেশ পারদর্শী কোম্পানি। জার্মানির কোচ হওয়ার পথে এটি রেখেছে ইতিবাচক ভূমিকা।

এদিকে, টুখেলকে মেয়াদ শেষ হওয়ার ১ বছর আগেই বরখাস্ত করেছিল বায়ার্ন। তার মেয়াদ ছিল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। তবে জার্মান কাপ থেকে বিদায় নেওয়া, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি, জার্মান লিগ বুন্দেসলিগায় ব্যর্থ হওয়ায় ছাঁটাই করা হয় টুখেলকে।