Home আঞ্চলিক শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুলের ১০ দিনের রিমান্ড আবেদন

শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুলের ১০ দিনের রিমান্ড আবেদন

26


যশোর প্রতিনিধি
ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) বিকেলে যুবলীগ নেতা উদয় শংকর হত্যা মামলা এবং নতুন করে করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। আদালত ৩ জুন রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাইফুল আলম মেম্বার যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুল মেম্বার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমান উল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি যশোরের অভয়নগর উপজেলার রাকিব, সুব্রত ও মণিরামপুর উপজেলার যুবলীগ নেতা উদয় শঙ্কর হত্যার সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার আদর্শ নার্সারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে যুবলীগ নেতা উদয় শংকর হত্যা মামলা এবং নতুন করে করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৩ জুন রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
পুলিশ সুপার আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাইফুল মেম্বার ভারতে ছিলেন। তিনি ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতেন। ২০ মে অবৈধ পথে দেশে ফেরেন তিনি। এমপি আনারের ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব।