খুলনাঞ্চল রিপোর্ট।।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকা। লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা। রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। বহু জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে। ঝড়ো বাতাসে ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা। গাছ ও দেয়াল চাপা পড়ে ১১ জেলায় অন্তত ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরমধ্যে ঢাকায় ৪, ভোলায় ৬, বরিশালে ৩, পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, নোয়াখালী, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে রয়েছেন। এ ছাড়া সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অর্ধশত হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে রেমালের তাণ্ডবে বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে প্রায় ৭২ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা।
অন্ধকারে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন তারা। ওদিকে জোয়ারের পানি ঢুকে ডুবে গেছে দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাড়িঘর। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এ ছাড়া রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন জেলার ফসলি জমি। নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত। এতে ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা।
খুলনায় ভেসে গেছে ৩৬০০ পুকুর ও ৯১১৫টি ঘের:
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্টি জলোচ্ছ্বাসে খুলনার তিন হাজার ৬০০ পুকুর ও ৯ হাজার ১১৫টি ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদ। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, রেমালের আঘাতে খুলনার ৯ উপজেলার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার ৩৮ ইউনিয়নের মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এরমধ্যে কয়রা, পাইকগাছা ও দাকোপে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে জেলায় ওই ছয়টি উপজেলার ৩৫৫ দশমিক ৩০ হেক্টর জমির তিন হাজার ৬০০টি পুকুর এবং ১০ হাজার ২২৩ দশমিক ৭৫ হেক্টর জমির ৯ হাজার ১১৫টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে ১ হাজার ৫৯০ হেক্টর জমির ১ হাজার ৩৫৬টি কাঁকড়া/কুচিয়া খামার ক্ষতিগ্রস্ত হয়। খুলনায় ২৪৬ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
ভোলায় ডুবে আছে বিচ্ছিন্ন চরগুলো: ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ভোলা জেলা। ঝড়ে ৬ জন নিহত হয়েছেন। এক লাখ মানুষ পানিবন্দি আছেন। দুর্গত মানুষ প্রায় ২ লাখ ৩২ হাজার। আড়াই হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ৫ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। শহরের চল্লিশ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সামান্য সময়ের জন্য স্বাভাবিক হলেও পুরো জেলা এখনো অন্ধকারে রয়েছে। রেমাল তাণ্ডবে পুরো ভোলা আজও মেঘে ঢেকে অন্ধকার হয়ে থাকায় আতঙ্কে পানিবন্দি মানুষ।
হাতিয়ায় ভেসে গেছে ২ হাজার গবাদি পশু: ঘূর্ণিঝড় রেমালে জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়ায় দুই হাজারের বেশি গবাদি পশু ভেসে গেছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা। এ ছাড়াও ৮ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ৩৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার দুপুরের পরে জোয়ারে হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, তমরদ্দি, চরইশ্বর, সোনাদিয়া ও নিঝুমদ্বীপের ৯টি গ্রামসহ ১৪টি গ্রাম ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে ঘরবাড়িসহ পানিতে ভেসে গেছে ২ শতাধিক পুকুরের মাছ এবং গবাদি পশু।
৪৫ ঘণ্টা বিদ্যুৎহীন লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে ৪৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে প্রায় সাড়ে ৫ লাখ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক সংখ্যা দেড় লাখের বেশি। জেলায় ২০ লাখ লোকের বসবাস। অথচ ৪৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় অফিস আদালত, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজ করা যাচ্ছে না। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। ফলে যোগাযোগ একদম করা যাচ্ছে না। বিশেষ করে সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই উপজেলায় ১৯২টি কেন্দ্র রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের শতাধিক খুঁটি ভেঙে যায়। কয়েক হাজার লাইন সংযোগের তার ছিঁড়ে ও মিটার ভাঙার কারণে এই সমস্যা বলে জানায় বিদ্যুৎ বিভাগ।
অর্ধশত হরিণের মৃতদেহ উদ্ধার: রেমালের প্রভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে জোয়ার-জলোচ্ছ্বাসে প্লাবিত গোটা সুন্দরবন। এতে বন্যপ্রাণী ও মিষ্টি পানির পুকুরগুলোতে ঢুকে পড়েছে সাগরের নোনা জল। একের পর এক মিলছে হরিণসহ বন্যপ্রাণীর মরদেহ। মঙ্গলবার দুপুর পর্যন্ত বনের বিভিন্ন স্থান থেকে অর্ধশত হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। অসুস্থ অবস্থায় উদ্ধার ১৭টি হরিণকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। এখনো উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা চলছে। এ ছাড়া বনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন ক্যাম্প ও ওয়ারলেস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে। তিনি জানান, বিশাল বনের প্রকৃত ক্ষতি বের করা সময় সাপেক্ষ বিষয়। ঝড়ে গাছপালার ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে বনের ভেতরে ৬ কোটি টাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।











































