Home খেলাধুলা মুর্শিদা, মোস্তারির শতকে ৩৯২ রান, মোহামেডানের রেকর্ড

মুর্শিদা, মোস্তারির শতকে ৩৯২ রান, মোহামেডানের রেকর্ড

32


স্পোর্টস ডেস্ক

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে অনবদ্য ব্যাটিং দেখালেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার মুর্শিদা খাতুন হ্যাপি ও সোবহানা মোস্তারি। এই দুজনের জোড়া সেঞ্চুরিতে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৩৯২ রানের পাহাড়সম স্কোর গড়েছে তাদের দল মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আজকের আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩২১ রান। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে এই রান করেছিল বিকেএসপি। এদিন গুলশানকে ২৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান। রান তাড়া করতে নেমে গুলশান ১৪১ রানে অলআউট হয়।

গুলশানের বিপক্ষে মুর্শিদা একাই করেন ১৭৯ রান। ১৫৭ বলের ইনিংসে ২৩টি চারের পাশাপাশি দুইটি ছক্কা হাঁকান এই ব্যাটার। মেয়েদের লিগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এটি। মোস্তারির ব্যাট থেকে এসেছে ১২৮ রান। ১০১ বলের এই ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছক্কায়।

এদিন, মুর্শিদা ও জেসিয়া আক্তারের উব্দোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় মোহামেডান। দুজনে যোগ করেন ১৩৫ রান। এই রানের মাথায় ৪১ বলে ৭৫ রান করে আউট হন জেসিয়া। এরপরই মোস্তারির সঙ্গে জুটি গড়েন মুর্শিদা। দুজনের জুটি থেকে আসে ২৫৭ রান। ইনিংসে দুই বল বাকি থাকতে আউট হন মোস্তারি। তবে অপরাজিতই ছিলেন মুর্শিদা।

জবাব দিতে নেমে মোহামেডানের ফারিহা তৃষ্ণা ও অধিনায়ক সালমা খাতুনের বোলিং তোপে ১৪১ রানেই অলআউট হয় গুলশান। ৪টি করে উইকেট নেন এই দুজন।