Home জাতীয় হাইকোর্টের রায়: বীর মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ করে জারি করা রিট অবৈধ

হাইকোর্টের রায়: বীর মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ করে জারি করা রিট অবৈধ

128


ঢাকা অফিস
বীর মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করে জারি করা সরকারের গেজেট এবং এ সংক্রান্ত আইনের সংশ্লিষ্ট ধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় ঘোষণা করেন। ফলে বয়সের সীমা দিয়ে নয়, ঐতিহাসিক দলিল ও প্রমাণের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে রায়ে বলা হয়েছে।

রিটের পক্ষে রায়ের পর রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এ রায়ের ফলে বয়স নির্ধারণে বীর মুক্তিযোদ্ধাকে নিরূপণ করা যাবে না। রায়ে আদালত প্রশ্ন রেখে বলেন, ‘যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ বছরের শহিদুল ইসলাম লালুকে বীরপ্রতীকের স্বীকৃতি দিয়েছেন। সেখানে সরকার কিভাবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য ১২ বা ১৩ বছর বয়স নির্ধারণ করে গেজেট করেন?’

এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে ৩টি গেজেট প্রকাশ করে সরকার। এসব গেজেটে রয়েছে, বীর মুক্তিযোদ্ধা হতে হলে কমপক্ষে ১৩ বছর বয়স হতে হবে। যার সর্বশেষটিতে ১২ বছর ৬ মাস বয়স নির্ধারণ করা হয়। পরে এসব গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫টি রিট করা হয়। সেই রিটের পর জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিলেন।