খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা কমিটির আয়োজনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অল্প সময়ের মধ্যে আমরা বেশকিছু মাইলফলক অর্জন করেছি। এর মধ্যে অনলাইন কোর্স রেজিস্ট্রেশন, অনলাইন রেজাল্ট, লাইব্রেরির স্মার্ট কার্ড অন্যতম। সার্বিকভাবে জবাবদিহিতা বৃদ্ধিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পদক্ষেপের অংশ হিসেবে দক্ষ জনসম্পদ তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে এগুলো বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং আয়োজন করেছে। যাতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অনেকগুলো উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এ সমস্ত উদ্ভাবনী ধারণাকে পুরস্কারের পাশাপাশি কিছু ধারণাকে পাইলটিংয়ের মাধ্যমে মার্কেটে আনতে পারলে তা হবে আমাদের উল্লেখযোগ্য সাফল্য।
উপাচার্য বলেন, সরকারের আইসিটি বিভাগ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার করা হয়েছে। সেই রিসার্চ সেন্টার থেকে গবেষণা ও উদ্ভাবনের জন্য অর্থায়ন করা হচ্ছে। সার্বিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয় স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের প্রথম সারির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একইভাবে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের উদ্যোগ অব্যাহত থাকলে খুলনা বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সেমিনারের সার্বিক বিষয় উপস্থাপন করেন ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা কমিটির ফোকাল পয়েন্ট ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোর করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। বহিঃস্থ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর রিসার্চ, সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. এস এম নাবিল সাকিফ।
অনুষ্ঠানে ইনোভেশন শোকেসিং এর দুটি গ্রুপের শ্রেষ্ঠ উদ্ভাবকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালক ও বিভাগীয় প্রধান এবং এপিএ’র বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ অংশগ্রহণ করেন।
খুবির অর্থনীতি ডিসিপ্লিনে কোয়ান্টিটেটিভ সোশ্যাল রিসার্চ ল্যাব উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনে কোয়ান্টিটেটিভ সোশ্যাল রিসার্চ ল্যাব উদ্বোধন করা হয়েছে। ১৯ মে (রবিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি ল্যাব ঘুরে দেখেন।
পরে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দক্ষ জনশক্তি তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের গবেষণায় উদ্বুদ্ধ করে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। এজন্য পর্যায়ক্রমে সকল ডিসিপ্লিনে স্মার্ট ক্লাস রুম ও ল্যাব তৈরি করা হবে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রিগুলোর মান বৃদ্ধিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ক্রাইটেরিয়া পূরণ করে অ্যাক্রেডিটেশন অর্জনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে ডিসিপ্লিনসমূহে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি তৈরি করা হচ্ছে। এই ল্যাবের সার্থকতা তখনই হবে যখন আমরা বলতে পারবো অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।
উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্পের অংশ হিসেবে দক্ষ জনশক্তি তৈরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি যথেষ্ঠ সহযোগিতা করেছে। তিনি এই ল্যাব স্থাপন কাজ সম্পন্নে ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট কমিটি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাসিফ আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ল্যাব উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ।
উল্লেখ্য, আনুমানিক ৯ লক্ষ টাকা ব্যয়ে এ ল্যাব তৈরি করা হয়েছে। এ ল্যাবে ৫০টি কম্পিউটার রয়েছে, যার মাধ্যমে সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণাকার্য পরিচালনা করা যাবে।
খুবিতে ‘ওবিই টুওয়ার্ডস বিএইটিই অ্যাক্রেডিটেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ‘আউটকাম বেজড এডুকেশন (ওবিই) টুওয়ার্ডস বিএইটিই অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এক সেমিনার ১৯ মে (রবিবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ইইই বিভাগের প্রফেসর ড. ইঞ্জি. মুহিবুল হক ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অতনু সোম।
সেমিনারে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
মানবিক সেবার লক্ষ্যে খুবি শিক্ষার্থীদের অনুদানে ‘চ্যারিটি ফান্ড কেইউ’ এর যাত্রা শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ‘চ্যারিটি ফান্ড কেইউ’। ১৯ মে (রবিবার) দুপুর ২.৩০ মিনিটে ১৭ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নিকট ৫ লাখ ৬০ হাজার টাকা হস্তান্তরের মাধ্যমে ফান্ডটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এটি নিঃসন্দেহে অনন্য এক উদ্যেগ। তিনি দীর্ঘমেয়াদে এই ফান্ডের পরিসর বৃদ্ধির জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনসহ নানা ধরণের পরামর্শ দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ ১৭ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত অর্থ দিয়ে ফান্ড গঠনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের চ্যারিটেবল ফান্ড গঠন করা হয়েছে এবং সেখানে ১৭ ব্যাচ সর্বপ্রথম অনুদান দিয়েছে। ইতোমধ্যে আরওঅনেক ব্যাচ এখানে অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের তত্ত্বাবধায়নে এবং উপাচার্যের অনুমোদনক্রমে ভবিষ্যতে গুরুতর রোগের চিকিৎসা, বিনাসুদে ঋণ এবং উপবৃত্তির মাধ্যমে এই তিনটি খাতে শিক্ষার্থীদের সহায়তা করা হবে।











































