আহাদ আলী, স্টাফ রিপোর্টার।।
মাত্র ১০ দিন আগেও বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। সেই কাঁচা মরিচ এখন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে অর্থাৎ এক কেজি কাঁচা মরিচ এখন ২০০ টাকা ছাড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বছরের এই সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কিছুটা ঘাটতি থাকে। ফলে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। তবে এবার দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
রবিবার (১৯ মে) নগরীর কয়েকটি বাজার ঘুরে কাঁচামাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন অজুহাতে বাজারে মরিচের সরবরাহ কমেছে। ফলে ১০ দিন আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন খুচরা বাজারে তার দাম ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত উঠেছে অর্থাৎ কাঁচা মরিচের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এক কেজির কম কিনলে বিক্রেতারা আরও বেশি দাম চাইছেন। বিক্রেতারা বলছেন, বাজারে এখন যে মরিচ আসছে, তার মান খুব একটা ভালো নয়। গ্রীষ্মকালীন মরিচের গাছ এখন শুকিয়ে যাচ্ছে। ফলনও আগের তুলনায় কমে গেছে।
নগরীর অন্যতম বড় বিক্রয় কেন্দ্র দৌলতপুর কাঁচা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। তারা বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। দুই -তিন দিনের মধ্যে দাম বেড়েছে।
গত পাঁচ বছরের বাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বছরের এই সময়ে উৎপাদন কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে। প্রচুর বৃষ্টি এবং রোদ হলে কাঁচা মরিচের উৎপাদন কমে যায়। তখন আমদানি করে কাঁচা মরিচের চাহিদা মেটাতে হয়। তখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়। তবে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকেও কিছু কাঁচা মরিচ আসে। মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে কাঁচা মরিচ আমদানিতে ভারতের ওপর নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ীদের।
বাজারে কাঁচা মরিচের সরবরাহ সংকট কাটাতে দ্রুত এর আমদানির অনুমতি দেওয়া প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা।
কাঁচামাল ব্যবসায়ী ইমরান বলেন, বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার আগেই আমদানির উদ্যোগ নিতে হবে। এই সময়ে দেশে কাঁচা মরিচের উৎপাদন কম থাকে। এবার প্রচণ্ড গরমের কারণে মরিচগাছ নষ্ট হয়েছে গেছে। আবার বৃষ্টিতেও কিছু গাছ নষ্ট হয়েছে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়নি। তবে বাজারে কাঁচা মরিচের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।











































