Home আঞ্চলিক খুমেক হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী সরবরাহে অনিয়ম

খুমেক হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী সরবরাহে অনিয়ম

145

স্টাফ রিপোর্টার

কেউ কাজ করেও বেতন পায়না, আবার কেউ দু’লট থেকে বেতন পায়। এটি সম্ভব হয়েছে আউটসোর্সিং ঠিকাদারের দুর্নীতির বদৌলতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের ১০০ জনের লটের বেতন প্রদানের চিত্র এটি। আর এমন অনিয়মের অভিযোগ আনলেন খোদ হাসপাতালের উপ-পরিচালক নিজেই। গত ১৫ মে উপ-পরিচালক ডা: মো: হুসাইন শাফায়াত স্বাক্ষরিত একটি পত্রে এমনটি উল্লেখ করা হয়। হাসপাতালের পরিচালক বরাবর দেওয়া ওই লিখিত পত্রের আলোকে হিসাব রক্ষকের কাছে তালিকা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত পত্রে উল্লেখ করা হয়, হাসপাতালের আউটসোর্সিং ঠিকাদারী প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস(প্রাঃ) লিমিটেড কর্তৃক ১০৭, ৯৫ ও ৪ জনের লটে তিনটি আউটসোর্সিং সেবা চলমান রয়েছে। সেই সাথে হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট হতে অপারেশন প্ল্যানের আওতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ও সরবরাহ খাতে পরিচ্ছন্নতা সেবা ও নিরাপত্তা সেবায় কর্মরত ১০০ জন আউটসোর্সিং কর্মীর সেবা আউটসোর্সিং প্রক্রিয়ায় চলমান ছিল এবং কর্মীর বেতন ২০২২ সালের ডিসেম্বরের পর চুক্তির মেয়াদ নবায়ন/ বৃদ্ধি না করার কারনে তাদের বেতনের জন্য তহবিল বরাদ্দ স্থগিত করা হয়। তাই গত বছর(২০২৩) জানুয়ারী হতে তাদের বেতন স্থগিত করা হয়। কিন্তু হাসপাতালের কার্যক্রম অত্যন্ত সংবেদনশীল এবং অত্যবশ্যকিয় হওয়ার জন্য কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখবার জন্য ঠিকাদার তার নিজ ব্যবস্থাপনায় উক্ত ১০০ জন কর্মীর কার্যক্রম চালু রেখেছিলেন। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভিস ম্যানেজমেন্ট এর লাইন ডাইরেক্টর (হাসপাতাল)-এর দপ্তর হতে উক্ত ১০০ জনের ২০২৩ সালের জানুয়ারী হতে নভেম্বর পর্যন্ত বেতন বরাদ্দ দেয়া হয়। যেহেতু তহবিল প্রাপ্তি অনিশ্চিত ছিল এবং ঠিকাদার কর্তৃক উক্ত কর্মীদের কার্যে নিয়োজিত রাখা হয়েছিল। তাই উক্ত তালিকা, নিয়োগপত্র এবং হাজিরা ঠিকাদারের নিকট হতে সংগ্রহ করে বেতন উক্ত ১০০ জনের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয়। যেহেতু দীর্ঘ এগার মাস পর বেতন প্রদান করা হয় তাই তহবিল বরাদ্দের খবর পাওয়া মাত্রই হাসপাতালের বিভিন্ন স্থানে কর্মরত কর্মীদের মধ্যে বেতন প্রাপ্তির তীব্র আকাঙ্খা তৈরি হয় এবং যাচাই বাছাই ও অন্যান্য দাপ্তরিক কর্মকান্ড সম্পন্ন করতে বিলম্ব হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওযাতে দ্রুত বেতন প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক ঠিকাদারের সরবরাহকৃত তালিকা অনুযায়ী বেতন দ্রুত প্রদান করা হয়। কিন্তু পরবর্তী আভ্যন্তরীণ যাচাই বাছাইকালে দেখা যায়, উক্ত ১০০ জন কর্মীর প্রায় ২৮ জন চলমান ১০৭, ৯৫ ও ৪ জনের লট হতে বেতন উত্তোলন করছেন। একজন ব্যক্তির দুই স্থান হতে বেতন উত্তোলন সুস্পষ্টভাবে আইন ও বিধির লঙ্ঘন বলেও পত্রে উল্লেখ করা হয়। যেহেতু উল্লেখিত ঠিকাদার সন্তোষজনক কার্যক্রমের ভিত্তিতে আউটসোর্সিং চুক্তি চার অর্থবছর নবায়ন করে আসছে, তাই ঠিকাদারের এরূপ কর্ম অত্যন্ত অনাকাঙ্খিত। বিষয়টির গ্রহনযোগ্য আইনানুগ সুরাহা হওয়া প্রয়োজন। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পরিচালককে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়।

এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা: গৌতম কুমার পাল বলেন, অভিযোগটি পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারীদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকাসহ অভিযোগটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। একইসাথে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশও করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, খুমেক হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের অনেকেই ১০০ জনের লটে থেকে বিগত দেড় বছর ধরে কাজ করে আসলেও তাদের অনেকেই বেতন পাননি। আবার কেউ কেউ কাজ না করেও বেতন পেয়েছেন এমনও অভিযোগ রয়েছে। সর্বশেষ হাসপাতালের উপ-পরিচালকের এমন অভিযোগের পরই সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি আরও স্পষ্ট হতে যাচ্ছে।