সাতক্ষীরা ও কয়রা (খুলনা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ২ ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও ৭ শ্রমিক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটি সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) এবং মদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
জাহিদুল ইসলাম নামে আহত এক শ্রমিক জানান, ১৫ দিন আগে কয়রা এলাকা থেকে ১৩ শ্রমিক গোপালগঞ্জের মকসুদপুরে বোরো ধান কাটতে গিয়েছিলেন। ধান কেটে মজুরি হিসেবে ২৫-৩০ মণ ধান পান তারা। ওই ধান নিয়ে ট্রাকযোগে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় পড়েন। তাদের সবার বাড়ি কয়রা উপজেলার মাদারবাড়িয়া ও বগা গ্রামে।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ধানবোঝাই একটি ট্রাকের ছাদে উঠে ১০-১২ জন শ্রমিক কয়রায় ফিরছিলেন। গোপালগঞ্জ থেকে গভীর রাতে রওনা দিয়ে ভোরের দিকে তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ছাদে থাকা কয়েকজন শ্রমিক ধানের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ২ শ্রমিক প্রাণ হারান।
এদিকে স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়ক সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।











































