Home আঞ্চলিক আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

48


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ও গলদা চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার বড় গেইট ও তোরণ বানিয়ে নির্বাচনের প্রচারণা চালিয়ে আসছেন। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবাইদুল ইসলাম হিমেল এক গাড়ীতে দুই মাইক ও পৌর শহরের নির্দিষ্ট স্থান ছাড়া পোষ্টার ও বড় প্যানা ঝুলিয়ে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এজন্য তাকেও ৪০ হাজার জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য এসব প্রার্থীদের সতর্ক করা হয় এবং নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে মোংলা উপজেলায় নির্বাচন হবে আগামী ২৯মে। এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও তিনজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন। #