স্পোর্টস ডেস্ক।।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জিতিয়েছেন গৌতম গম্ভীর। তবে তার চলে যাওয়ার পর এক দশকেও শিরোপার দেখা পায়নি কলকাতা। এরই মধ্যে খেলোয়াড়ি পরিচয় বদলে আইপিএলে মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হন গম্ভীর। ২০২৩ আইপিএলে ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর।
ভাগ্য বদলাতে এই মৌসুমে আবারও গম্ভীরের শরণাপন্ন হয় কলকাতা। ভালোবাসার ফ্র্যাঞ্চাইজিকেও আর উপেক্ষা করতে পারেননি গম্ভীর। মেন্টর হয়ে যোগ দেন নাইট রাইডার্স শিবিরে। এসেই যেন যাদুর কাঠি দিয়ে বদলে দেন কলকাতাকে। সবার আগে তুলেছেন প্লে-অফে। দলটির শীর্ষে থাকাও নিশ্চিত।
এমন সাফল্যের কারণে কলকাতা সমর্থকদের মাঝেও বেশ জনপ্রিয় গম্ভীর। তবে তার ছোঁয়ায় এমন সাফল্য পেলেও নিজেকে বেশ সংযত রাখেন গম্ভীর। বিষয়টি নজরে এনেছেন কলকাতার এক তরুণী সমর্থক। ইডেন গার্ডেন্সে কেকেআরের শেষ ম্যাচে এক তরুণী একটি পোস্টার দেখিয়ে গম্ভীরকে হাসার অনুরোধ করেন।
—তরুণীর সেই পোস্টারসহ নিজের হাসিমুখের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন গম্ভীর
গম্ভীরের উদ্দেশে সেই পোস্টারে লেখা ছিল, ‘গৌতম গম্ভীর না হাসা পর্যন্ত আমি আমার পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দেব না।’ ভাইরাল হওয়া সেই পোস্টার পরে নজরে আসে গম্ভীরের। তাই তরুণীর সেই আটকে থাকা প্রেমের সমাধানও দেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তরুণীর সেই পোস্টারের সঙ্গে নিজের হাসিমুখের একটি ছবি পোস্টার দেন। সেখানে কলকাতার মেন্টর ক্যাপশন দেন, ‘এই নাও।’
আইপিএলে গ্রুপপর্বে এবার প্রত্যেক দল ম্যাচ পাচ্ছে ১৪টি করে। ১ ম্যাচ বাকি থাকা কলকাতার ১৩ ম্যাচ শেষে পয়েন্ট ১৯। সমান ম্যাচে দুইয়ে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬। তিনে থাকা চেন্নাই সুপার কিংসের ১৩ ম্যাচে পয়েন্ট ১৪। ১২ ম্যাচ থেকে সানরাইজার্স হায়দরাবাদেরও ১৪ পয়েন্ট। অর্থাৎ, কলকাতা যে শীর্ষে থাকছে, সেটি নিশ্চিত।











































