চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রীর তালাক পেয়ে ক্ষুব্ধ জামাতা গভীর রাতে আগুন লাগিয়ে দিলেন শ্বশুরের ফার্নিচারের দোকানে। এ ঘটনায় ওই এলাকার ছয়টি ফার্নিচারের দোকান ভস্মীভূত হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত সোনা মিয়াসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসি টিভির ফুটেজ দেখে শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জীবননগর উপজেলার একতারপুর গ্রামের রমজান আলীর ছেলে সোনা মিয়া ও বসতিপাড়ার খেজমত আলীর ছেলে শামীম হোসেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনাটি জানায় সাংবাদিকদের।
পুলিশ ও কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, খোরশেদ আলমের মেয়ের সঙ্গে দুদিন আগে ছাড়াছাড়ি হয় সোনা মিয়ার। এতে ক্ষুব্ধ হয় সোনা মিয়া। প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সে। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে জীবননগর উপজেলা শহরের কাঠপট্টিতে সাবেক শ্বশুর খোরশেদ আলমের ফার্নিচারের দোকানে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় সোনা মিয়া। আগুন ছড়িয়ে যায় পুরো এলাকায়। দমকল বাহিনীর তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কাঠ ব্যবসায়ী মো. শহিদ জীবননগর থানায় মামলা করেন।
পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান যুগান্তরকে বলেন, অভিযুক্ত আসামি সোনা মিয়া ও শামীম হোসেন পুলিশের কাছে স্বীকার করেছে- পূর্ব পরিকল্পিতভাবে তারা জীবননগরের কাঠপট্টিতে গভীর রাতে আগুন দেয়।











































