খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৬ মে (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সময়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) চালু করা হয়েছে। ফলে সেবা প্রদানের মানোন্নয়নও হয়েছে। তিনি আরও বলেন, আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের দায়িত্ব জনগণকে সেবা প্রদান করা। সেই দায়িত্বগুলোকে জাগ্রত করার জন্যই অভিযোগ প্রতিকার ব্যবস্থা।
উপাচার্য বলেন, এক জায়গায় কাজ করলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন করে অনেক অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। অভিযোগ বক্সে কোনো অভিযোগ না পড়লে বোঝা যাবে আপনারা দায়িত্বের প্রতি সচেতন। উপাচার্য পারস্পরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে ধারণার পরিবর্তন আনতে সকলের প্রতি আহ্বান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার মমতাজ খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে সেবাপ্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিকক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) খাতুনে জান্নাত ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। সেমিনারের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির দুই কর্মকর্তা-কর্মচারীকে
শুদ্ধাচার সম্মাননা প্রদান
শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক কর্মকর্তার মধ্যে অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান ও পাঁচ শতাধিক কর্মচারীর মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-১ শাখার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. কায়েম হোসেন শেখ এই সম্মাননা পেয়েছেন।
আজ ১৬ মে (বৃহস্পতিবার) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন বা অর্জন একক কোনো বিষয় নয়, এটি সামগ্রিক বিষয়। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মধ্যে কাজ করার যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শুদ্ধাচারের সুফল খুলনা বিশ্ববিদ্যালয় পেতে শুরু করেছে। কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিস করছেন, যথাসময়ে কাজ সম্পাদিত করছেন। এটি একটি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম সূচক।
উপাচার্য বলেন, যে কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার সম্মাননা পেয়েছেন তাঁরা যেমনি গর্বিত, তেমনি এই সম্মাননা দিতে পেরে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের কাজের ক্ষেত্রে এই সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি সকলের ওপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএর সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান ও সম্মাননাপ্রাপ্ত কর্মচারী মো. কায়েম হোসেন শেখ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। তাঁরা সর্বসম্মতভাবে তাদেরকে শুদ্ধাচার সম্মাননার জন্য মনোনীত করায় উপাচার্যসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের পবিত্র
হজ্বব্রত পালন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার পবিত্র হজ্বব্রত পালন উপলক্ষ্যে এক দোয়া মাহফিল আজ ১৬ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, পবিত্র হজ্ব নিজেকে পরিশুদ্ধ করার জায়গা। হজ্ব¡ মানুষকে ধৈর্য্যশীল ও সহনশীল করে। হজ্বের মাধ্যমে নিজের মধ্যে আমূল পরিবর্তন আসে যা দেখে অন্যরা আকৃষ্ট হয়। হজ্বব্রত পালনের মাধ্যমে নিজেকে খাঁটি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। উপাচার্য হজ্বের সবকটি আহকাম পালন করে সুস্থ শরীরে যাতে ফিরে আসতে পারেন এজন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনিও পবিত্র হজ্বব্রত পালন শেষে সুস্থ শরীরে ফিরে আসার জন্য উপস্থিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কাছে দোয়া চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও অফিসার্স কলাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল।
দোয়া অনুষ্ঠানে হজ্বে গমনকারী উপাচার্য ও উপ-উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।











































