আশাশুনি আল মাদানী মাদ্রাসার সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আল মাদানী দাখিল মাদ্রাসার সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন হয়েছে।
জানাগেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আশাশুনির ঐতিহ্যবাহী গোদাড়া আল মাদানী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্যের সাথে প্রতি বছরের ন্যায় এবারও কৃতিত্ব অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর দাখিল পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ০৫ জন জিপিএ অ+ এবং ১১ জন অ ও ৬ জন অ- পেয়ে আশাশুনি উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এ
মাদ্রাসায় এবারের ফলাফলে শিক্ষাথী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট এর আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যা ভূমিকা রেখেছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিমত ব্যক্ত করেন। এ বিষয় মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবুল ফারাহ্ মোঃ শফিউল আলম জানান, মাদ্রাসার গর্ভনিং বডি, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসীর প্রচেষ্টায় এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জিত করা সম্ভব হয়েছে।
খুলনায় স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে শীর্ষক সেমিনার
আহাদ আলী, স্টাফ রিপোর্টারঃ
স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার সোমবার সকালে খুলনা কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস ঢাকার পরিচালক ড. সুরজিত সাহা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষকরা হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিখাতের মাধ্যমে এদেশের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সবজি ও চাউল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ফলে অর্থ এবং সময় সাশ্রয় হচ্ছে। তিনি আরও বলেন সরকার কৃষিখাতকে আরো উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কৃষককে প্রশিক্ষণসহ কৃষিখাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। কৃষককে সেবা দেওয়ার জন্য কল সেন্টার, খামারি এ্যাপস, ভয়েস এসএমএস প্রদান করা হচ্ছে। কৃষকের কাছে আধুনিক তথ্যসেবা পৌঁছে দিতে গণমাধ্যমও কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষি তথ্য সার্ভিস এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসাররা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি ক্ষেত্রে অবদান রাখার জন্য কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জীবননগরে ট্রাক চালকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের আশিক নামের একজনের ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার মাঝিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা প্রতাপ গ্রামের আসিফ হোসেন(৩৫) ঢাকা থেকে মাগুরাগামী পোল্ট্রি মুরগির খাবার বোঝাই একটি ট্রাক ফরিদপুর ভাঙ্গা উপজেলার মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক আসিফের মৃত্যু হয়। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী টেলিফোনে জানান, ঢাকা থেকে মাগুরাগামী পোল্ট্রি মুরগির খাবার বোঝাই একটি ট্রাক মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৌলতপুর বাজার নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টারঃ
দৌলতপুর বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটিকে ৪৫ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা বেধে দিয়েছে শ্রম অধিদপ্তর (জেডিএল)। নির্বাচিত পরিষদের মেয়াদ উর্ত্তীন হয়েছে গত ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। কিন্তু সমিতির রেজিস্ট্রেশন প্রাপ্তির পর দিন হতে নতুন করে তিন বৎসর কমিটির কার্যক্রম চালানোর চেষ্টা করেছে বর্তমান কমিটির একাংশ। এদিকে জেডিএল’র বেঁধে দেওয়া নির্বাচনের সময় ঘোষনা পর দৌলতপুর বাজারে সর্বস্তরে এখন নির্বাচনমুখি আলোচনা চলছে। তাছাড়া অনেক ব্যবসায়ী নির্বাচনে অংশ গ্রহনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। জানা গেছে, সিধান্তের বিপরীতে বর্তমান কমিটির সহ-সভাপতি বিএম আসাদুজ্জামান ( আসাদ বন্দ)সহ ৬৪৪জন স্বাক্ষরিত একটি পত্র খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক বরাবর প্রেরণ করা হয়। যেখানে সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ২০২৩ সালে ২৭ ডিসেম্বর উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাঃ সম্পাদক বরাবর লিখিতভাবে নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তারপরও তারা কোনো পদক্ষেপ গ্রহন করেননি। ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে দৌলতপুর বাজার বনিক সমিতির নির্বাচনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সরণাপন্ন হন।
উল্লেখ্য, দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সর্বশেষ গত ২০২০ সালে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচিত পরিষদের মেয়াদোত্তীর্ণ হয়েছে গত ২০২৩ সালের ২৭ ডিসেম্বর। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অদ্যবধি নির্বাচন করার কোনো পদক্ষেপ গ্রহন করেনি। যা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ১৭৯(১)(ঞ) এবং সমিতির রেজিস্ট্রিকৃত বিদ্যামান গঠনতন্ত্রের ১৮নং ধারার পরিপন্থী। শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ৩১৭ (৪)(গ) ধারা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এবং ৮/০৭/২০১৪ সালের আদেশ মোতাবেক ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স এর তত্ত্ববধানে অনুষ্ঠিত হওয়া অবশ্যক। এমতাবস্থায় স্মারক ইসুর দিন হতে আগামী ৪৫ দিনের মধ্যে এ দপ্তরের তত্ত্ববধায়নে সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়েছে জেডিএল। দৌলতপুর বাজারের ব্যবসায়ী শেখ পলাশ জানান, আমরা জানতে পেরেছি জেডিএল বর্তমান পরিষদকে ৪৫ দিনের মধ্যে সমিতির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। অনেক ব্যবসায়ী নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমরা ব্যবসায়ীরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি দ্রুত সময়ের মধ্যে ডেজিএলের নির্ধারিত সময়ের মধ্যে যেন সমিতির নির্বাচন সম্পন্ন হয়।
দৌলতপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি আসাদ বন্দ জানান, দৌলতপুর বাজার বনিক সমিতির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর বর্তমান পরিষদের সভাপতি/ সাঃ সম্পাদক বরাবর একই সাথে জেডিএলে নির্বাচনের দাবিতে চিঠি প্রেরণ করি। একই সাথে নির্বাচনের দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্মরণাপন্ন হই। তিনি শ্রম অধিদপ্তরের পরিচালককে নির্ধারিত সময়ে নির্বাচন শেষ করা জন্য বলেন। তিনি আরো জানান, পরিষদের ১৮ জন নেতার মধ্যে ১৪ জন নেতা নির্বাচনের পক্ষে। এমতাবস্থায় আমি আশাবাদী বর্তমান সভাপতি/ সাঃ সম্পাদক জেডিএলের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষনা দেবেন। অন্যথায় আমরা নির্বাচনের পক্ষে ১৪ জন নেতা পদত্যাগ করে কমিটি বাতিল করার পদক্ষেপ নেব। আমাদের ন্যয় সঙ্গত দাবি এবং আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমাদের দাবি আদায় না হলে আমরা বৃহৎ আন্দোলনে নামবো। প্রয়োজনে মানববন্ধন, সভা সমাবেশ করবো। দৌলতপুর বাজার বনিক সমিতির সাবেক সাঃ সম্পাদক শেখ আসলাম জানান, দৌলতপুর বাজার বনিক সমিতির নির্বাচনের দাবিতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সাথে আমরা সাক্ষাত করেছি। তিনি শ্রম অধিদপ্তরের পরিচালককে নির্বাচন সম্পন্ন করা তাগিদ দেন। সেই আলোকে ডেজিএল ইতোমধ্যে ৪৫দিনের মধ্যে নির্বাচন করার জন্য নোটিশ দিয়েছে। যেহেতু বাজারের ব্যবসায়ী নেতারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন সেই আলোকে পরিষদের সভাপতি/ সাঃ সম্পাদককে নির্বাচনের তারিখ ঘোষনা করা উচিৎ বলে আমি মনে করি। তা না হলে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তুলবো।দৌলতপুর বাজার বনিক সমিতির সাঃ সম্পাদক নান্নু মোড়ল জানান, ইতোমধ্যে জেডিএল আমাদের ৪৫ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যে চিঠিটি প্রেরণ করেছে, তা হাতে পেয়েছি। এ ব্যাপারে পরিষদের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে আলোচনার বিষয় আছে। সমিতি রেজিস্ট্রিশনের পরে জেডিএলের নিজস্ব একটা সিদ্ধান্ত আছে। যেহেতু ডেজিএল নির্বাচনের সময় উল্লেখ করে দিয়েছে, তাই ওই সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে জেডিএলের সাথে কথা বার্তা বলবো। তবে জেডিএলের সাথে কথা বার্তা না বলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা এব্যাপারে এখন স্পষ্টভাবে বলতে পারছি না। এ ব্যাপারে শ্রম অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক মিজানুর রহমান জানান, ইতোমধ্যে দৌলতপুর বাজার বনিক সমিতিকে সংশ্লিষ্ট দপ্তর হতে যে চিঠি প্রেরণ করা হয়েছে, তাতে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা আইনগতভাবে বাধ্যবাধকতা রয়েছে।
পাইকগাছায় দন্ড ও সাজার দশ আসামি গ্রেফতার
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে ৩ নারী সহ দন্ড ও সাজার দশ আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, রোববার রাতে রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সাজা ও পরোয়ানার ১০ আসামি গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোবারেক সরদারেরর ছেলে রফিকুল ইসলাম (৪২),। তাকে খুলনা জেলা দায়রা জজ আদালত ২০২০ সালে প্রতারণা মামলায় ১ বছর বিনাশ্রম দন্ড দেন। সে থেকে আসামি রফিক পালাতক ছিলো। পরোয়ানার আসামিরা হলেন, গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের নাজমুল গাজী ও স্ত্রী ফাতিমা আক্তার, রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, বাঁকা গ্রামের সুবোল মল্লিক, রবিন মল্লিক, কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের সোহাগ মোড়ল, চাঁদখালী ইউনিয়নের দেব দুয়ার গ্রামের ভুলু গাজী, গদাইপুর ইউনিয়নের বান্দি কাটি গ্রামের সাত্তার গোলদারের স্ত্রী ছবিরন বেগম, একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আফসার গাজীর স্ত্রী ফাতেমা বেগম।
পাইকগাছায় জমির আইল সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে আহত ২
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় জমির আইল সীমানায় জোর করে ঘেরা-বেড়ায় বাঁধা দেয়ার সময় এক ব্যক্তি কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি সোমবার দুপুর ১ টায় উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে। এলাকাবাসি আহত কে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মোক্তার সরদার(৩৫) এর সাথে একই এলাকার সাইফুল সরদার এর সাথে জমির আইল সীমানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সাইফুল সরদারের নেতৃত্বে ওই জমির আইল সীমানায় ঘেরা-বেড়া দিতে যায়। এ সময় মিনারুল সরদার বাঁধা দিতে গেলে সাইফুল সরদার(৩৮), আজিত গাজী(৩২), কালাম গাজী(৩৫) মিনারুল সরদারের মাথায় দা দিয়ে কোপ মারলে মাথা ও হাতের আঙ্গুল কেটে গেলে মাটিতে পড়ে যায়। এ সময় মিনারুলের বড় ভাবি রোজিনা বেগম ঠেকাতে গেলে তাকেও লাঠি পেটা করে আহত করে। এলাকাবাসি আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক শ্যামা প্রসাদ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এ বিষয় প্রতিপক্ষ সাইফুল সরদার জানান,আমরা তাকে মারিনি। কি ভাবে তার মাথা ও হাত কেটেছে আমি জানি না।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
কালিগঞ্জের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামাল গাজী ডুমুরিয়ায় গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কালিগঞ্জের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গাজী (৫২) কে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার শোভনা ইউনিয়নের মৌলবীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আড়পাড়া গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে।
থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কেরামত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনা¯’লে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন কে গ্রেফতার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে গ্রেফতার কৃত কামাল গাজী ২০০৮ সালে কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে যার নং -২৮৯/০৮। ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন এলাকা ছেড়ে শোভনা এলাকায় রশিদা বেগম নামে এক মহিলা কে বিয়ে করে ওই বাড়িতে আত্ম গোপনে থাকতো। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন কে গ্রেফতার করা হয়েছে এবং ঝিনাইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুবি উপাচার্যের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
১৩ মে (সোমবার) বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম। কেএমপি কমিশনারকে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। এক্ষেত্রে কেএমপি সবসময় সহায়তা করে আসছে। যেকোনো প্রয়োজনে দ্রুততার সাথে তারা এগিয়ে এসেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে মাদক, র্যাগিং, অসদুপায় অবলম্বনসহ যেকোনো অপরাধ দমনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট। এখন বিশ্ববিদ্যালয়ের অনেক এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয় এবং পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা আছে। এছাড়া আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মনিটরিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। আলাপকালে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ এবং উপাচার্যের গতিশীল নেতৃত্বের প্রশংসা করে কেএমপি কমিশনার বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। প্রায় সময়ই সংবাদমাধ্যমে যখন আমরা এ সাফল্যের কথা জানতে পারি, তখনই গর্ব অনুভব হয়। আমরা চাই আগামী প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল হতে হবে। একই সাথে যেকোনো অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে হবে।
সৌজন্য সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এ, জেড, এম তৈমুর রহমানসহ সদর, সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে শুদ্ধাচার কৌশল ও এপিএ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ কার্যক্রমের অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ বাস্তবায়ন শীর্ষক এক প্রশিক্ষণ ১৩ মে (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। তাঁর আদর্শ ও নৈতিকতা মেনে এ দেশকে সোনার বাংলা তথা ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই সোনার বাংলা গড়তে প্রয়োজন সোনার মানুষের। আমাদের প্রত্যেককে পরিবারে, সমাজে এবং কর্মস্থলে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে ২০৪১ সালের অনেক আগেই ‘স্মার্ট বাংলাদেশ’ দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডি-নথি বাস্তবায়ন করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে এখন ৯০ শতাংশেরও বেশি ফাইলের কাজ ডি-নথিতে সম্পাদন করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মেধা ও কর্মদক্ষতার কারণে এপিএ মূল্যায়নে গত বছর খুলনা বিশ্ববিদ্যালয় ৪র্থ স্থান অর্জন করে। এই ধারাবাহিকতা রক্ষা করে এ বছর আরও ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এখন একটি পরিবর্তিত বিশ্ববিদ্যালয়। এপিএ’র যথাযথ বাস্তবায়নের কারণে এখানে কাজের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে ও দক্ষতার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে সবাইকে খাপ খাওয়াতে হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সময়মতো যথাযথভাবে পালন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সচিব ড. ফেরদৌস জামান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (সংস্থাপন-৩) মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেকশন অফিসার মমতাজ খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কিত ধারণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসির এসপিকিউএ’র অতিরিক্ত পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক, ইউজিসির প্রশাসন বিভাগের উপ-সচিব ও শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা কমিটির ফোকাল পয়েন্ট মো: আসাদুজ্জামান এবং আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, খুলনার সহকারী পরিচালক (প্রশাসন) ও সরকারের সিনিয়র সহকারী সচিব তাছলিমা আক্তার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
খুবিতে গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘গ্রিন এন্ড ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক ৪র্থ শ্রেণির কর্মচারীদের অংশগ্রহণে এক কর্মশালা ১৩ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ব সকলের। নিজেদের ঘরকে আমরা যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তেমনি নিজের কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়কেও রাখতে হবে। মনে রাখতে হবে- শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বহু লোকের সমাগম ঘটে। তাদের সামনে ক্যাম্পাসকে সুন্দরভাবে উপস্থাপন করা সকলের কাজ। এজন্য সকলকে কাজের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে গ্রিন-ক্লিন হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। যার মধ্যে- সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, সোলার প্যানেলের মাধ্যমে গ্রিন এনার্জি উৎপাদন, প্রাণিদের নিরাপদ আবাসস্থল তৈরি, লেক ও পুকুর সংরক্ষণ এবং সৌন্দর্য্যবর্ধন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নানা প্রজাতির বৃক্ষরোপণ উল্লেখযোগ্য। এ বছর আরও ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে বলেও উপাচার্য উল্লেখ করেন। উপাচার্য এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মুজিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ ছাড়াও রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৯ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
পাষন্ড স্বামী কর্তৃক যৌতুকের দাবিতে মারপিট, শারীরিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিরা প্রকাশ্যে
ডুমুরিয়া প্রতিনিধি
পাষন্ড স্বামী কর্তৃক যৌতুকের দাবিতে মারপিট, শারীরিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। ১৫দিন পেরিয়ে গেলেও আসামি রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এ নিয়ে মামলার বাদি রয়েছে নিরাপত্তাহীনতায়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বিগত ১০ বছর পূর্বে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের অজিত দাসের মেয়ে শম্পা দাসের তালা উপজেলার গোনালী গ্রামের শিবুপদ দাসের ছেলে পবিত্র দাসের সনাতন ধর্মীয় মতে বিয়ে হয়। বিয়ের সময় হতদরিদ্র পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ অর্থ, আসবাবপত্র সহ প্রায় লক্ষাধিক টাকা যৌতুক দেয়। তাদের সংসারে তুলি দাস (৮) ও রুমি দাস নামে দুটি কন্যা সন্তান রয়েছে। এরপর ভাটা শ্রমিক স্বামী পবিত্র দাস তার দিনমজুর শ্বশুরের কাছ থেকে আবারও ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। এ স্বামী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। তারই জের ধরে গত ২২ এপ্রিল ‘২৪ স্বামীসহ পরিবারের সদস্যরা শম্পা কে যৌতুকের দাবিতে বেদম মারপিট ও শারীরিক নির্যাতন করে।ওই দিন সন্ধ্যায় স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় এবং অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে তার প্ররোচনায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মৃত শম্পা দাসের বাবা অজিত দাস বাদি হয়ে পবিত্র দাসকে প্রধান করে ৩ জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি এজাহার দায়ের করেন। তদন্ত শেষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম গত ২৭ এপ্রিল ১১(গ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩,প্যানাল কোড ও যৌতুকের দাবিতে মারপিট করা সহ আত্মহত্যার প্ররোচনার অপরাধ ধারায় মামলাটি রেকর্ড করেন,যার নং -১৫।
এদিকে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বাদি জানান। তিনি আরও বলেন, আসামিরা আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দি”েছ। এ নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ বুলবুল কবির বলেন,আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
‘এ’ গ্রেড পেয়ে এসএসসি পাস করলো দৃষ্টিপ্রতিবন্ধী ঐতি রায়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘অন্ধজনের কিবা রাত্রি, কিবা আবার দিন, সুন্দর এই পৃথিবী হায়রে রইলো অচিন’। না ! পৃথিবী দেখা তার অচিন হলেও সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আলোকিত হওয়ার জন্য যুদ্ধে নেমে জয়ী হয়েছেন ঐতি রায় (১৮)।
জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর দৃষ্টিপ্রতিবন্ধী এই শিক্ষার্থী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন। মায়ের শ্রুতি লেখকের সহায়তায় পড়াশোনা ও একই এলাকার অষ্টম শ্রেণীর বিজয়া হালদার নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ ৪ দশমিক ৩৯ পেয়ে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়।
সোমবার (১৩মে) সরেজমিনে গিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বালুর মোড় এলাকায় তার বাড়ীতে কথা হয় ঐতি রায়ের বাবা অনুপম রায়ের সাথে। আবেগ আপ্লূত হয়ে বলেন, জন্ম থেকে দৃষ্টিহীন তার মেয়ে এই রেজার্ল্ট ভাবতে পারিনি। ছোটবেলা থেকে তার মেয়ের পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহ ছিল। আমরা সেভাবেই তাকে যত্ন করে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাই।
একমাত্র মেয়েকে তার মা শংকরি রায় প্রথমে শ্রুতি লেখনির মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখায়। এভাবে করে এস এসসি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে। পরীক্ষার হলে ঐতি রায় মুখস্থ বলতো আর একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিজয়া হালদার তা পরীক্ষার খাতায় লিখত। এভাবে সে সবগুলো পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে।
ঐতির রায়ের মা শংকরি রায় বলেন, ছোটবেলা থেকে ঐতির পড়াশোনার আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেতাম। ওর জীবনের স্বপ্ন ছিল পড়ালেখা করবেই। এখন সে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। আমরা প্রচন্ড খুশি, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
তবে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। মেয়েকে অনেকদূর পড়াশোনা করাতে চান তারা। এজন্য ঐতির পরিবার সরকারের সহযোগিতা চান।
এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ঐতি রায়ের এমন প্রতিভা দেখে অবাক হয়েছি। মেধা না থাকলে এমন ফল করা কোনভাবেই সম্ভব না। এখন ঐতির চোখের চিকিৎসা জরুরি। এছাড়া সে যাতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে ব্যাপারে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।
‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়ে এসএসসি পাস করা ঐতি রায় বলেন, জন্ম থেকে আমি দৃষ্টিহীন। কিন্ত পড়ালেখা করার খুব ইচ্ছে ছিল আমার। সে অদম্য ইচ্ছে থেকেই আমার এই সফলতা। পড়াশোনার কাজে আমার মা আমাকে সহযোগিতা না করলে আজ এ পর্যন্ত আসতে পারতাম না। মা পাশে বসে রিডিং পড়তো, আমি সেটা মুখস্থ করতাম। এভাবেই লেখাপড়া চালিয়ে এসেছি। পড়াশোনা শেষ করে সরকারি একটা চাকরি এবং আবৃত্তির শিক্ষক হওয়ার স্বপ্নের কথাও বলেন ঐতি রায়।
ঐতি রায়ের স্কুল হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার বলেন, ঐতির বাবা অনুপম রায় এবং আমি ছোট বেলার বন্ধু। সে তার দৃষ্টিহীন মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে যান। আমি তাকে বলি আমার স্কুলে (হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়) দাও, বাকিটা আমি বুঝব। এরপর ঐতি রায়কে খুব যত্ন করে ক্লাসে পড়াশোনা করাই। সে ক্লাশে অত্যন্ত মেধাবী ছিল। আজ ঐতি ৪ দশমিক ৩৯ পেয়ে ‘ এ’ গ্রেডে উত্তীর্ণ হয়ে এসএসসি পাস করে আমার এবং স্কুলের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমরা তার এই রেজাল্টে দারুন খুশি। দোয়া করি ঐতি তার মেধা বিকশিত করে অনেক বড় হবে। #
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, মোংলা থানার ওসি (তদন্ত) ক্লোজড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নিজ ধর্ম ও বিয়ের বিষয়ে গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে মোংলা থানার ওসি (তদন্ত) হিরনময় সরকারের বিরুদ্ধে। ন্যায় বিচার পাওয়ার জন্য যশোর থেকে মোংলায় এসে আবাসিক হোটেলে তিন দিন অবস্থান করে ওই নারী
মোংলা থানার ওসি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বাগেরহাট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সঠিক বিচার না পেলে আত্নহত্যারও হুমকি দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। এদিকে হিরনময় সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তাকে মোংলা থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার (১২ মে) তাকে সংযুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ (এসপি) মোঃ আবুল হাসনাত খাঁন। যশোর জেলার কোতোয়ালি থানার পাগলাদহ এলাকার বাসিন্দা ওইনারী (৩২) লিখিত অভিযোগে বলেন, পিবিআইয়ে চাকুরীতে থাকার সময় প্রায় পাঁচ বছর আগে তার সাথে পরিচয় হয় পুলিশ কর্মকর্তা হিরনময় সরকারের। হিরনময় নিজেকে মুসলিম ধর্মাবলম্বী বলেও তাকে জানান। এরপর তাদের মধ্যে প্রেম, পরে বিয়ের আশ্বাসে শারিরিক সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েক বছর তার বাড়ি যশোর ও ঢাকায় তাদের আত্মীয় স্বজনসহ পরিচিত সকলের কাছে তাকে নিজের স্ত্রী পরিচয় দিতেন হিরনময় সরকার।
অভিযোগে আরও উল্লেখ করেন, তাদের এমন সম্পর্কের কিছু দিন পর তিনি অন্তঃশ্বত্তা হলে তাকে নানা অজুহাত দেখিয়ে তার গর্ভের বাচ্চা নষ্ট করানো হয়। এছাড়া যত দিন যেতে থাকে তিনি বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে মোংলায় থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের স্ত্রী সন্তানকে নিয়ে থানা ভবনে থাকা শুরু করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হিরনময় সরকার। একই সাথে বিয়ের জন্য চাপ দেওয়ায় তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন হিরনময়। এরপর তার খোঁজে মোংলায় আসেন ভুক্তভোগী এই নারী।
বৃহস্পতিবার (৯মে) আবাসিক হোটেল টাইগারে অবস্থান করে। পরে মোংলা থানায় গিয়ে বিষয়টি ওসি কে,এম আজিজুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষারকে অবহিত করেন। পরে সর্বশেষ শনিবার (১১মে) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে একটি লিখিত অভিযোগ দেন। তিনি নিজেকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে দাবি করেন। তার অভিযোগ এ পুলিশ কর্মকর্তার প্রতারণা, নির্যাতন ও ধর্ষনের শিকার হয়েছেন। তাই তিনি এর দ্রুত সঠিক বিচার দাবি করেন। পরে পুলিশ সুপারের আশ্বাসে তিনি রবিবার (১২মে) মোংলা থেকে নিজ জেলা যশোর চলে যান বলেও জানান সুলতানা।
এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত খাঁন অভিযোগের বিষয়ে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে হিরনময় সরকারের বিরুদ্ধে পুলিশের আইনের ধারা মতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হিরনময় সরকারকে রবিবার মোংলা থানা থেকে প্রত্যাহার করে তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) হিরনময় সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েক মাস আগে তার সাথে ওই নারীর পরিচয় হয়। শারিরিক সম্পর্কসহ বিয়ের প্রলোভনের বিষটি তিনি অস্বীকার করেন। ওই নারী স্রেফ তার বন্ধু ছিলেন। এখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন, সে বিষয়ে তার কিছু বলার নেই।
দামুড়হুদায় ডিবির হাতে ফেনসিডিলসহ দর্শনার এক চোরাকারবারি গ্রেফতার
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার ডিবির হাতে ৪৫ বোতল ফেনসিডিলসহ দর্শনার এক বিক্রেতাকে গ্রেফতার হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ ওহিদুল ইসলাম বিপিএম, সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)মোঃ শহিদুল বাসার, এএসআই (নিঃ)মোঃ আবু আল ইমরান ও এএসআই (নিঃ)মোঃ রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার কুশাঘাটা মোড়ে যাত্রী ছাউনির মধ্যে এক অভিযান চালায়।এসময় দর্শনার জয়নগর গ্রামের আমজেদ আলীর ছেলে মোঃ হামিদুল রহমান (৩৯), গ্রেফতার করে। পরে তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিলো কিশোর
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান খান (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
রোববার (১২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। আরমান খান ওই গ্রামের হান্নান খানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে কালিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার প্রদীপ কুমার বর্মন জানান, আরমান স্থানীয় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে আপলোড করতো। অনেকেই তাকে টিকটকার আরমান নামে চিনতো।
স্থানীয়রা জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় বিষ পান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দেন। তবে সেটা পুরাতন হাওয়ায় আরেকটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে পরিবারকে চাপ দিচ্ছিল। তার দাবি মেনে না নেওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। পরে রোববার নিজ বসতঘরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান রাতে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
মহেশপুরে সরকারী রাস্তা থেকে দখলদারদের উচ্ছেদের তিন দিনের মধ্যে আবার সেই রাস্তা দখল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে সরকারী রাস্তা থেকে দখলদারদের উচ্ছেদ করলেও দখলকারীরা তিন দিনের মধ্যে আবারও সেই রাস্তা দখল করে এবার টিনদিয়ে ঘিরে যাতায়াতের একমাত্র রাস্তাটি একেবারেই বন্ধ করে দিয়েছে । সোমবার(১৩ মে) ভোর রাতেই দখলকারীরা এই রাস্তাটি বন্ধ করে দেয়।
গ্রামবাসীরা জানান,গত ৯ মে ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন শ্যামকুড় ইউনিয়নের টাঙ্গাইল পাড়া গ্রামের একটি সরকারী রাস্তা হতে অবৈধ্য দখলদারদের নির্মিত টিনশেডের বসতঘর,গোয়ালঘর ও বাঁশঝাড় উচ্ছেদ করেন। এ সময় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুলহক,উপ-সহকারী ভূমিকর্মকর্তা জুলফিকার আলী, ভূমি অফিসের সার্ভেয়ার মনিরুলহক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দত্তনগর পুলিশ ফাড়ীর এস আই আশিক এর নেতৃত্বে পুলিশ সদস্যরা আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
উচ্ছেদ অভিযান শেষ করে আসার তিন দিনের মধ্যে শাহাজান আলী,শরিফুল ইসলাম সোমবার ভোর রাতে রাস্তাটি আবারও দখল করে নিয়ে টিনের বেড়াদিয়ে ঘিরে রাখা হয়েছে। এই রাস্তা দিয়েই মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধির বাড়ী প্রবেশ করতে হয়।
এলাকাবাসী বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ ও সহকারী কমিশনার(ভূমি)শরিফ শাওনকে অবহিত করেছেন। এ ব্যাপারে মহেশপুরের ইনকিলাব প্রতিনিধি আবুল হোসেন লিটন জানান,১৯৮০সালের পূর্বে টাঙ্গাইলপাড়া গ্রামটি বর্তমান স্থানে ছিল না। ১৯৯৮সালে সেটেলমেন্ট জরিপের সময় গ্রামবাসীর আবেদনের পেক্ষিতে শ্যামকুড়ের তৎকালিন তহশীলদার ৩০ধারা মতে ১৪টি ডিপি খতিয়ানের বিরুদ্ধে আপত্তি মামলা দায়ের করেন। বদর আমিন তদন্ত করে রিপোর্ট দিলে এক সপ্তাহের শুনানী শেষে টাঙ্গাইলপাড়া গ্রামের উপর দিয়ে ২টি রাস্তা তৈরিররায় দেওয়া হয়। বর্তমানে সেই স্থানে ১২২ফুট লম্বা ছোট রাস্তাটি দখলদাররা নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন।
শ্যামকুড় ইউনিয়ন পনিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম জানান, টাঙ্গাইল পাড়ার বাসীর একটি রাস্তা থেকে দখলকারীদের উচ্ছেদ করা হয়েছিলো। কিন্তু দখলদারদের উচ্ছেদের মাত্র তিনদিনের মাথায় তারা রাস্তাটি আবার দখল করে নিয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) শরীফ শাওন জানান, সরকারী রাস্তা কেউ জোর করে দখলে রাখতে পারবেনা। উচ্ছেদের পর যারা রাস্তাটি দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ বছর পর উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দুরকানী উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইন্দুরকানী উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হলো।
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর ও সাধারণ সম্পাদক শাহীন গাজীর মোবাইল ফোনে কল দিলে তারা কোন কথা বলতে রাজি হয়নি।
সাতক্ষীরায় খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ মে ২০২৪, সোমবার সকাল ১০ টায় সদর খাদ্য গুদাম, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সদর খাদ্য গুদাম চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা – ০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সদর খাদ্য গুদাম ইনচার্জ এস এমন আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার প্রমূখ। সাতক্ষীরা সদর উপজেলার সিদ্ধ চাউল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭. ৩১১ মেট্রিক টন আতপ চাল ১ শ ৫৬. ৯শ ৯০ মেট্রিক টন, গম ৪৩ মেট্রিক টন এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৮২ মেট্রিক টন। এসময় সদর খাদ্য গুদাম চত্বরে সাতক্ষীরা – ০২ আসনের সংসদ সদস্য সহ অতিথি বৃন্দ দুটি ফলজ বৃক্ষরোপণ করেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রয়াত কমরেড হায়দার আকবর খান রনো’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কালো পতাকা উত্তোলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, গবেষক, লেখক মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড হায়দার আকবর খান রনো’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ মে ’২৪ সোমবার সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন এবং পার্টির পতাকা অর্ধনমিত রাখা হয়। পার্টির খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড লুৎফুল হক মিঠু, কমরেড পলাশ দাশ, অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ. কমরেড এ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
ভেড়ামারায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন
ভেড়ামারা করেসপন্ডেন্ট
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের সহায়তায় ক্যাম্পাসে চালু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
ছাত্রীরা পাঁচ টাকার কয়েনে (ধাতব মুদ্রা) নিতে পারবে স্যানিটারি ন্যাপকিন। হাতের নাগালে ভেন্ডিং মেশিনে পাঁচ টাকার কয়েন ফেললেই পাওয়া যাবে এটি।
১৩মে,সোমবার বেলা ১২টার সময় এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
প্রতিটি মেশিনের নির্দিষ্ট স্থানে ৫ টাকার কয়েন ফেললেই বেরিয়ে আসবে একটি প্যাড। ছাত্রীদের মধ্যে এটি ব্যবহারের প্রবণতা বাড়াতে উদ্বোধনের প্রথম সপ্তাহ বিনামূল্যে ভেন্ডিং মেশিন থেকে প্যাড সংগ্রহ করা যাবে। এরপর থেকে নির্দিষ্ট মূল্যেই প্যাড সংগ্রহ করতে হবে। আর ভেন্ডিং মেশিনে সরবরাহকৃত প্যাডগুলো অত্যন্ত উন্নতমানের আল্ট্রা থিন প্যাড।
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে প্রকল্পটি হাতে নেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন,ছাত্রীরা প্যাড কেনার জন্য দোকানে যেতে চায় না। পরিবারে কোনো পুরুষ সদস্যকে দিয়ে তারা প্যাড কিনে আনায়। এই ভেন্ডিং মেশিনের কল্যাণে আমাদের ছাত্রীরা এই ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পাবে বলে আশা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলার পরিকল্পনা কর্তকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া ঘোষ। উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ । স্বাগত বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার। সুকর্ম ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ সোহানা খাতুন প্রমূখ।
ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফের গুলিতে চোরাকারবারি আহত
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় ভারতীয় বিএসএফ এর ছোড়া গুলিতে আমজেদ আলী (৩৫) নামে ব্যাক্তি আহত হয়েছেন। রোববার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আমজেদ আলী (৩৫) পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।
বিজিবি জানায়, রোববার রাত ৮টার দিকে পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু চোরাই পথে নিয়ে আসার সময় ভারতীয় সীমন্ত রক্ষী বিএসএফ এর সদস্যরা গুলি ছোড়ে। এতে আমজেদ আলীর বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে গেলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। অন্যদিকে তার ভাই আমের আলী জানান, আমার ভাই গতকাল সন্ধ্যা নাগাদ পুটখালী চরের মাঠে যায় এবং সেখানে বিএসএফের কাছে গুলিবিদ্ধ হয়।
খুলনা ২১ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আলম জানান, ঘটনাটি শুনেছি তবে কোথায় আমি এখনো জানিনা। আমিও তন্ন তন্ন করে জায়গাটা খুঁজেছি করেছি কিন্তু আমারদের চোখে এখনো কোনো কিছু পড়ে নাই। এবং গতকাল রাত থেকে কোন ফায়ারিং এর কোন শব্দ বিজিবি সদস্যরা শোনেননি।











































