Home জাতীয় আসামি না পেয়ে স্ত্রীর দিকে পিস্তল তাক, তদন্ত কমিটি গঠন

আসামি না পেয়ে স্ত্রীর দিকে পিস্তল তাক, তদন্ত কমিটি গঠন

99


ঢাকা অফিস
ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে না পেয়ে তার স্ত্রীর মাথায় পিস্তল তাক করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আসামি ধরতে সাদা পোশাকে অভিযান চালানোর সময় নারী ও শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে।
শুক্রবার সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি রোববার তদন্ত কার্যক্রম শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

একাধিক সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয় নুরু সৌদি আরব থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।

এরপর শুক্রবার বিকালে নুরুল আলম বাড়িতে থাকার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ছদ্মবেশে সেখানে অভিযান চালায়।

ঘটনার সময় উপস্থিত নুরুল আলমের ভাই সারোয়ার আলম সাংবাদিকদের কাছে অভিযোগে জানান, সাদা পোশাকে যাওয়া লোকজন বাড়িতে ঢুকেই তার ভাইকে খোঁজ করতে থাকেন। তার ভাই বাড়িতে নেই বলার পরও তারা বিষয়টি মানতে চাননি। এ সময় পুলিশ সদস্যরা নুরুল আলমের স্ত্রী বন্যা বেগমসহ কয়েকজনকে মারধর করেন। নিশাত নামে নয় বছরের এক শিশুর ওপরও চড়াও হন তারা। এ সময় বাড়ির লোকেরা মোবাইল ফোনে ঘটনার কিছু ভিডিওচিত্র ধারণ করার পর ডিবি সদস্যরা ভিডিওগুলো কেটে দিয়ে যান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে স্বর্ণসংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে। স্বর্ণটি আমার ভাই আনেননি। অন্যের মাধ্যমে আমার ভাইয়ের কাছে দেওয়া হয় বলছে তারা। আমার ভাইকে ধরতে হলে কেন আমাদের বাড়িতে এভাবে হামলা করতে হবে? বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি। আদালতে এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি। পুলিশ পিস্তল তাক করার পাশাপাশি গুলিও করেছে। গুলির খোসাও আমাদের কাছে আছে। তদন্ত করলেই বেরিয়ে আসবে খোসা কার?

নূরুল আলমের স্ত্রী বন্যা বলেন, মামলার বাদী আব্দুল কুদ্দুসকে প্রবাসে ব্যবসায়িক অংশীদার না করায় আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। ঘটনার দিন আমাদের বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠান চলছিল। এমন সময় সাদা পোশাকে পাঁচ-ছয়জন এসে ডিবি পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি দেখে চিৎকার করায় শিশু নিশাতের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। প্রতিবাদ করায় তারা আমার কপালে পিস্তল ঠেকায় এবং ফাঁকা গুলি ছোড়ে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে ডিবি পুলিশের এসআই রেজাউল করিম বলেন, বাদীপক্ষ বিষয়টি আমাদের জানালে প্রথমে পরিদর্শক (ইন্সপেক্টর) মোফাজ্জল আলী একজন কনস্টেবলকে নিয়ে সেখানে যান। কিছুক্ষণ পর আমি যাই। দূর থেকেই ওই বাড়িতে হট্টগোলের আওয়াজ পাই। আমি যাওয়ার পর বাড়ির লোকেরা খারাপ আচরণ শুরু করেন। এ সময় আসামিকে পালিয়ে যেতে তারা সাহায্য করেন। এ নিয়ে দুপক্ষে ধস্তাধস্তি হয়।

তিনি আরও বলেন, আমার হাতে পিস্তল ছিল। তবে কারও দিকে তাক করিনি। কাউকে মারধর করা হয়নি। গুলির ঘটনা ঘটেনি। আমাদের টার্গেট যেহেতু আসামি ধরা, সেহেতু সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। যে কারণে তখন আমরা অ্যাকশনে যাইনি।

তিনি আরও বলেন, মামলার তদন্তভার আমাদের হাতে। মূল আসামির বিরুদ্ধে প্রায় ৪৬০ গ্রাম স্বর্ণ আত্মসাতের অভিযোগ আছে। মামলা হওয়ার পর থেকে সে পলাতক রয়েছে। বাদী এসে বাড়িতে আসামির অবস্থানের কথা জানালে সেখানে অভিযান চালানো হয়।

জানতে চাইলে ডিবির ওসি মো. আফজাল হোসাইন জানান, আসামি ধরতে গিয়ে ওই বাড়িতে সমস্যা হয়। তবে গুলি কিংবা পিস্তল তাক করার মতো কোনো ঘটনা ঘটেনি।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন বলেন, তদন্ত করার চিঠি পেয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে ডিবির এসআই ও কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে ঘটনাস্থলও পরিদর্শন করব।

পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কোনো অফিসার যদি আসামি ধরতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।