দাকোপ প্রতিনিধি
আসন্ন ৬ষ্ঠ দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপে চেয়ারম্যান ৬ ভাইস চেয়ারম্যান ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
খুলনা জেলা ও দাকোপ উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগনেতা মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন থেকে পদত্যাগী চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এবং যুবলীগনেতা গাজী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে জাপানেতা জাহাঙ্গীর মোল্যা, যুবলীগনেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়াদ্দার, দেবাশীষ রায়, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, সুনিল মন্ডল এবং সিপিবিনেতা কিশোর কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগনেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সাবেক ইউপি সদস্য বিথিকা রায়, মলিনা জোয়াদ্দার এবং ফাতেমা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১২ ও ১৩ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৯ মে প্রত্যাহার এবং ২০ মে প্রতিক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। উপজেলার মোট ১ লক্ষ ৩৪ হাজার ৬শত ৮৩ জন ভোটার আগামী ৫ জুন ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচীত করবেন।
দাকোপে কৃষি যন্ত্রপাতি ও বীজ,সার বিতরণ
দাকোপে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বাইন হারভেস্টিং কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অতিরিক্ত পরিচালক ডিএই খুলনা অঞ্চল মোহন কুমার ঘোষ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক ডিএই খামার বাড়ী খুলনা কাজী জাহাঙ্গীর হোসেন, এডিডি শস্য খামারবাড়ী খুলনা মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, মাসুম আলী ফকির, সুদেব কুমার রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান বৃন্দ। এর পূর্বে একই স্থানে ২০২৩-২৪ অর্থ বছরে উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।











































