লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দ্বিতীয় দিনে তীব্র তাপপ্রবাহে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার ১২টা দিকে এ ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে।
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অনিন্দ সরকার জানান, তীব্র গরমের কারণে ১১টা থেকে শিক্ষার্থীরা অসুস্থ বোধ করছিল। দুপুর ১২টার দিকে সপ্তম শ্রেণির সাহারা খাতুন, রেজোয়ান, সোহাগ, বায়েজিদ, অনামিকা, সিহাব মিয়াসহ ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়লে তাদের স্থানীয় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. ফজলুর রহমান এসে চিকিৎসা দিয়ে সুস্থ করেন। এ সময় অন্য শ্রেণির আরও ১৩ জন শিক্ষার্থীর মধ্যে বমি ও মাথাঘোরা ভাব দেখা দেয়।
এ ঘটনার পর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়েছে ।
স্থানীয় বাসিন্দা বাচ্চু থান্দারসহ একাধিক অভিভাবক জানান, অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তারা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। তিনি স্কুল-কলেজে মর্নিং শিফট চালু করার দাবি জানান।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি একদিনের জন্য ছুটি দিতে বলেছি।











































