স্পোর্টস ডেস্ক
আরো একটি লিগ শিরোপা নিশ্চিতের সুযোগ হারিয়েছে পিএসজি। শনিবার ঘরের মাঠে ধুঁকতে থাকা লে হাভরের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের মাধ্যমে কোনমতে পরাজয়ের লজ্জা থেকে রেহাই পেয়েছে প্যারিসের জায়ান্টরা।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে এটাই পিএসজির শেষ ম্যাচ ছিল। গতকাল জিততে পারলেই ফরাসি লিগে রেকর্ড ১২ বারের মত চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হতো দলটির।
রেলিগেশন প্লে অফে থাকা লে হাভরে কাল মোটেই স্বস্তিতে থাকতে দেয়নি পিএসজিকে। ৬১ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে পরাজয়ের ক্ষণ গুনছিল লা পারিসিয়ানরা। যোগ হওয়া সময়ে গনসালো রামোসের গোলে কোনমতে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
প্রথমার্ধে ব্র্যাডলি বারকোলার গোলে সমতায় ফিরে পিএসজি। ক্রিস্টোফার ওপেরির গোলে ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল লে হাভরে। ঘানা তারকা আন্দ্রে আইয়ু লে হাভরেকে আবারো ৩৮ মিনিটে এগিয়ে দেন।
আব্দুলায়ে টুরে পেনাল্টি স্পট থেকে সফরকারীদে ৩-১ গোলের লিড উপহার দেন। পুরো মৌসুমে পিএসজি লিগে দ্বিতীয় পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। আশরাফ হাকিমি ৭৮ মিনিটে এক গোল পরিশোধ করেন।
এরপর বদলী খেলোয়াড় রামোস শেষদিকে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন। গত সেপ্টেম্বরের পর থেকে এ নিয়ে লিগে ২৬ ম্যাচে অপরাজিত থাকলো পিএসজি।
সম্ভাব্য ট্রেবল জয়ের পথে থাকা লুইস এনরিকের দল এই মুহূর্তে মোনাকোর থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আর চার ম্যাচ। তবে মোনাকো যদি লিঁওর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিতে জিততে না পারে তবে পিএসজির আজই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে।
সব মিলিয়ে বর্তমানে গোল ব্যবধানে ২৯ গোল এগিয়ে থাকা পিএসজি যদি শেষ পর্যন্ত মোনাকোর সঙ্গে সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারপরও গোল বিবেচনায় তাদের শীর্ষস্থান নিশ্চিত হবে।









































