Home খেলাধুলা ধোনিকে ঘিরে জালিয়াতি, ভক্তদের কাছে ৬০০ রুপি চাওয়া হচ্ছে!

ধোনিকে ঘিরে জালিয়াতি, ভক্তদের কাছে ৬০০ রুপি চাওয়া হচ্ছে!

52


স্পোর্টস ডেস্ক

আইপিএল মানেই যেন টাকার খেলা। ক্রিকেটাররা যেমন বিশাল মূল্যে দল পাচ্ছেন, তেমনি দলগুলোও স্পন্সর দিয়ে পুষিয়ে নিচ্ছে। এর বাইরে টুর্নামেন্টটি ঘিরে প্রচুর অফিসিয়াল-আনঅফিসিয়াল জুয়ার আসরও বসে। তবে আইপিএলকে কাজে লাগিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে জালিয়াতিও শুরু হয়েছে।

আইপিএলের মুহূর্ত ব্যবহার করে কেউ কেউ ভুয়া বার্তা পাঠিয়ে জালিয়াতি করতে চাইছেন। তেমনই একটি ঘটনা দেখা গেছে চেন্নাই সুপার কিংস তারকা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। ধোনির ইনস্টাগ্রাম আইডি এবং ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সমর্থকদের বার্তা পাঠিয়ে জালিয়াতির চেষ্টা করা হচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমর্থক একটি বার্তার স্ক্রিনশট তুলে ধরেছেন। সেখানে ধোনির অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠিয়ে লেখা হয়েছে, ‘নমস্কার, আমি এমএস ধোনি। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপনাকে বার্তা পাঠাচ্ছি। রাঁচী শহরের বাইরে একটি এলাকায় এসেছি। নিজের পার্স আনতে ভুলে গেছি। আপনি কি আমাকে ৬০০ রুপি পাঠাতে পারবেন, যাতে আমি বাসে করে ফিরতে পারি। বাড়ি ফিরলেই টাকা ফেরত দিয়ে দেব।’

ধোনির মতো তারকা পার্স আনতে ভুলে গিয়েছেন বলে বাসে করে বাড়ি ফিরবেন, এই ব্যাপারটা হজম করতে পারেননি অনেক সমর্থকই। সঙ্গে সঙ্গে তারা সেই বার্তার স্ক্রিনশট তুলে ধরে বাকিদের সতর্ক করে দিয়েছেন। ফলে এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। অনেকেই বিষয়টি নিয়ে মজা শুরু করেছেন।