Home আঞ্চলিক মোংলার ফারুকের মনোরঞ্জনে আছে শতাধিক নারী !

মোংলার ফারুকের মনোরঞ্জনে আছে শতাধিক নারী !

238

আবু হোসাইন সুমন, মোংলা।।


ভাড়াটে গুন্ডা দিয়ে স্ত্রীকে পিটানোর অভিযোগ উঠছে মোংলার বহুল আলোচিত শিল্পপতি টি,এ ফারুকের বিরুদ্ধে। বহুবিবাহের নায়ক এ শিল্পপতির বিরুদ্ধে নারী কেলেংকারীর নানা অভিযোগ। কখনও নিজে বিয়ের পিড়িতে বসছেন আবার কখনও অধিনস্থ কর্মচারীদের বিয়ে করিয়ে নারীদের রক্ষিতা বানিয়ে রাখছেন তিনি। আলোচিত এ টি,এ ফারুকের লালসার শিকার হয়েছেন সুমি আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী।উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের এ নারীর সঙ্গে বছর দুই আগে টি,এ ফারুকের পরিচয় হয়।


এরপর নানা প্রলোভন দেখিয়ে ওই নারীর সংসার ভেঙ্গে বিয়ে করেন তিনি। বিয়ের পর টি,এ ফারুকের জলসাখানা শতরুপা বরফ কলের দ্বিতীয় তলার ভবনে ওঠেন স্ত্রী সুমিকে নিয়ে। এখানে বছর দেড়েক ভালই চলছিল তাদের সংসার। কিন্তু সুমির চোখে ধরা পড়ে স্বামী টি,এ ফারুকের বহুনারীগামিতা। আর এ নিয়ে হঠাৎ করে শুরু হয় পারিবারিক দ্বন্ধ। এক পর্যায় স্ত্রী সুমিকে তাড়াতে শুরু করেন শারিরীক ও মানসিক নির্যাতন। এমনকি গত শনিবার (২০এপ্রিল) দুপুরে তীব্র তাপদাহের মধ্যে স্ত্রী সুমিকে রুম থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। পরে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় সুরহা হয় এবং ঘরে ওঠেন সুমি। সর্বশেষ সোমবার (২২এপ্রিল) রাত ১০টায় ২৫/৩০ জনের একদল ভাড়াটে গুন্ডা সুমির ঘরে হানা দিয়ে তাকে মারধরসহ সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এ নিয়ে ঘন্টাব্যাপী হুলুস্থল কান্ড ঘটে শতরুপা বরফ কলে। রাতেই প্রতিবেশীরা সুমিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বামী টি,এ ফারুকের ভাড়াটে গুন্ডাদের মারধরে স্ত্রী সুমি আক্তার এখন হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির আমলে টি,এ ফারুকের (তালুকদার আখতার ফারুক) উত্থান। রাজনৈতিক এ দলটির উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন বিগত কয়েক দশক। পরে কয়েক দফায় তিনি রাজনৈতিক খোলসও বদল করেছেন। এখন তিনি পেশায় একজন আপাদমস্তক শিল্পপতি। কিন্তু তার নেশা মোবাইল ফোন ও দালালদের মাধ্যমে নারীদের সুকৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলা। এরপর নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করা। এভাবে মুসলিম, হিন্দু ও খৃষ্টান ধর্মের অসংখ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন টি,এ ফারুক। নারীদের সাথে সম্পর্ক করতে দিন-রাত তার মোংলা পৌর শহরের শ্রম কল্যান রোডের জলসাখানায় চলে বেহায়াপনা। এনিয়ে অতিষ্ঠ তার এলাকার আশপাশের লোকজন। নারীদের সাথে প্রেম অতঃপর ভোগ বিলাসের এই কাজে সহযোগিতায় তার নিযুক্ত আছেন ১৫/২০জনের দালাল সিন্ডিকেট।

এ সিন্ডিকেট মোংলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় গরীব পরিবারের সুন্দরী মেয়েদের বাড়ি-জমিসহ মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে দালালরা নিয়ে আসেন লম্পট ফারুকের জলসাখানায়। সেই জলসাখানা ঘিরে এরই মধ্যে গড়ে উঠেছে মিনি পতিতালয়। যেখানে ফারুকের মনোরঞ্জনে আসেন ভ্রাম্যমাণ পতিতারাও। চলে উদ্যম গান বাজনা। গান আর নাচের তালে সারা রাত চলে বেহায়াপনা। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তার ভাড়াটে মাস্তান বাহিনী দিয়ে দমন করা হয় তাদের। প্রশাসনও রহস্যজনকভাবে চুপ থাকায় লম্পট ফারুকের এই অপকর্ম চলে আসছে দীর্ঘ কয়েক দশক ধরে।


শতরুপা বরফ কল ও হোটেল সিঙ্গাপুর এবং চৌরাঙ্গী হোটেলসহ একাধিক স্থানে তার এমন ঘাটি রয়েছে। টি,এ ফারুকের বয়স ৭০এর ঘরে। তবুও চোখ আর মনের নেশায় অসংখ্য অসমবিবাহের নায়ক হয়ে উঠছেন তিনি। তার বহু নারীগামিতা নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা থাকলেও টি,এ ফারুক সঠিক বিবাহের তথ্য কেউ নিশ্চত করতে পারেনি।

টি,এ ফারুকের সর্বশেষ স্ত্রী সুমি আক্তার জানান, এ পর্যন্ত তার স্বামীর (টি,এ ফারুক) শতাধিক বিবাহের খোঁজ পেয়েছেন তিনি। আরও শতাধিক নারীর সঙ্গে তার অবৈধ পরকীয়া সম্পর্ক রয়েছে। টি,এ ফারুকের হোটেল ম্যানেজার সোহাগ বলেন, তার বস যখন যা নির্দেশ করেন তখন তাই করতে হয়। এক্ষেত্রে তার কোন দোষ নেই। তবে টি,এ ফারুকের সর্বশেষ স্ত্রী সুমি আক্তারকে সে ম্যানেজ করে ছিলেন বলেও জানায় সে। এ প্রসঙ্গে মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, টি,এ ফারুকের সর্বশেষ স্ত্রী সুমিকে নিয়ে পারিবারিক সমস্যার বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি।

মোংলা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি এইচ,এম দুলাল বলেন, টি,এ ফারুকের বরফ কলে দিন-রাত উঠতি বয়সের নারীদের আড্ডাস্থল হয়ে উঠছে। এতে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ বিষয় প্রশাসনের নজরদারীসহ আইনী ব্যবস্থা গ্রহণ জরুরী।

টি, এ ফারুকের এসব অপকর্ম বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, নারীদের প্রতি তার এমন অসম্মান সামাজিকভাবে নৈতিক অবক্ষয় ও দুঃখজনক। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। টি,এ ফারুকের বিরুদ্ধে স্ত্রী সুমির করা অভিযোগ পেয়েছেন স্বীকার করে মোংলা থানার ওসি কে,এম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সকল বিষয়ে জানতে টি,এ ফারুককে (তালুকদার আখতার ফারুক) একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর বক্তব্যের জন্য সিঙ্গাপুর হোটেলে তার (টি,এ ফারুক) অফিস কক্ষে গেলে তিনি পরে কথা বলবেন বলে দরজা বন্ধ করে দেন।