Home আন্তর্জাতিক কংগ্রেসকে জড়িয়ে মোদির সাম্প্রদায়িক বক্তব্য

কংগ্রেসকে জড়িয়ে মোদির সাম্প্রদায়িক বক্তব্য

33


খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে রোববার রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা-রুপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে। তাঁর এ বক্তব্যের পর বিরোধীরা অভিযোগ করে বলেন, প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ধর্মীয় মেরূকরণের পথে হাঁটলেন।

প্রধানমন্ত্রীর এই ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের নেতারা ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রথম দফার ভোট বিরুদ্ধে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ওই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছে। এবারের ভোটে কংগ্রেস ও মুসলমানদের সমার্থক করে এভাবে প্রথম সরাসরি আক্রমণাত্মক হলেন মোদি। এবং তা করতে গিয়ে তিনি যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভুল বলে অভিযোগ করেছে কংগ্রেস। মোদি বলেছেন, মুসলমানদের মধ্যে সম্পত্তি বণ্টন করার কথা কংগ্রেসের এবারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে। তা ছাড়া প্রধানমন্ত্রী থাকাকালে মনমোহন সিংও বলেছিলেন, দেশের সম্পত্তির ওপর মুসলমানদের অধিকার সবার আগে।

এদিকে লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় এক দিনে ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিলের ঘোষণা দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৬ সালে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মোট ৩৫০টি মামলা হয়েছিল। সেসব মামলা একত্র করে সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। এ নিয়ে বিচার বিভাগকে সরাসরি বিজেপির বিচারালয় রাজনৈতিক বিচার বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে গুজরাটের সুরাট লোকসভা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। সোমবার সুরাটের বিকল্প কংগ্রেস প্রার্থী সুরেশ পদসালার মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ওই আসন থেকে লড়তে চাওয়া বাকি আট প্রার্থীও একে একে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে যান বিজেপির মুকেশ দালাল।