স্পোটর্স ডেস্ক
মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের অঘোষিত ‘ফাইনাল’ খেলতে নেমেছিল আবাহনী–মোহামেডান।গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবাহনী ২ গোলে এগিয়েও ছিল। পরে মোহামেডান পিছিয়ে থেকে তিন গোল দিয়ে লিড নেয়। তবে দু’দলের খেলোয়াড়দের মারামারি কাণ্ডে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে নাখোশ হয় মোহামেডান। এতে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে দেয় তারা। শেষপর্যন্ত আর মাঠে না ফেরায় আম্পায়াররা জয়ী ঘোষণা করে আবাহনী লিমিটেডকে।
প্রথম দুই কোয়ার্টারে দুই গোল করে অনেকটা এগিয়ে যায় আবাহনী। তিন মিনিটে পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফ এবং দ্বিতীয় কোয়ার্টারে আবার সেই পেনাল্টি কর্নার থেকেই পুস্কর খিসা মিমোর গোলে এগিয়ে যায় তারা। এর মাঝে দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার নিয়ে আম্পায়ারদের সঙ্গে মোহামেডান খেলোয়াড়দের বচসায় খেলা বন্ধ ছিল কিছুক্ষণ।
তৃতীয় কোয়ার্টারে রাজসিকভাবে ম্যাচে ফেরে মোহামেডান। ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে ম্যাচে এগিয়ে যায় সাদাকালোরা। প্রথমে রিভার্স হিটে ফিল্ড গোল এবং পরে পেনাল্টি কর্নার থেকে আরও দুই গোল করে মোহামেডানকে চালকের আসনে নিয়ে আসেন তিনি।
সেই তৃতীয় কোয়ার্টারের দুই মিনিট ২৭ সেকেন্ড সময় বাকি থাকতেই বাঁধে বিপত্তি। তার কিছুক্ষণ আগে আবাহনীর পেনাল্টি কর্নার রুখে দেয় মোহামেডান। কিন্তু এরপর যা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুই দলের খেলোয়াড়রা লিপ্ত হয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। যা সামলাতে হিমশিম খেতে হয় ম্যাচ অফিসিয়ালদের। হাতাহাতির কারণে দুই দলের তিন জন লাল কার্ড দেখেন। মোহামেডানের দ্বীন ইসলাম ইমন ও তানভীর সিয়াম এবং আবাহনীর নাইম উদ্দিন লাল কার্ড পান। এছাড়া দুই দলের একজনকে হলুদ কার্ড দেখানো হয়।
বাকি সময়টুকু আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে খেলতে অপারগতা প্রকাশ করে মোহামেডান। নির্দিষ্ট সময় অপেক্ষা করে আরেক আম্পায়ার খেলা শেষের বাঁশি দেন। তাতেই আকাশি-নীল শিবিরে উল্লাস দেখা দেয়। আর মোহামেডান কিছুটা থমকে গেলেও পরবর্তীতে দর্শকদের উদ্দেশ্যে হাততালি দিয়ে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছে।











































