Home খেলাধুলা ক্যাসেমিরোর রিয়াল ছাড়ার খবরে ‘কেঁদেছিলেন’ আনচেলত্তি

ক্যাসেমিরোর রিয়াল ছাড়ার খবরে ‘কেঁদেছিলেন’ আনচেলত্তি

29


স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে প্রায় ৯ বছর কাটিয়ে ২০২২ সালের আগস্টে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্যাসেমিরো। মাঝমাঠের এই তারকার বিদায়ের খবরে কেঁদে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তার কান্না দেখে যাওয়ার ব্যাপারে দ্বিধায়ও পড়ে গিয়েছিলেন ব্রাজিলের এই তারকা। ক্যাসেমিরো নিজেই জানিয়েছেন এ কথা।

সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে (৭৪.৬ মিলিয়ন) ওল্ড ট্রাফোর্ডে ভিড়েছিলেন ক্যাসেমিরো। একটি গণমাধ্যমকে কাসেমিরো বলেছেন, ‘আমি আগেই কাউকে কিছু বলিনি। একবারই শুধু ম্যানচেস্টারে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ছিলাম। আমার মনে আছে, সেটা ছিল শুক্রবারের এক দুপুর এবং আমার সাক্ষর ছাড়া (ম্যানচেস্টার ইউনাইটেডে) যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ ছিল। মানুষ জানত সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। তারপর আমি আনচেলত্তির সঙ্গে কথা বলতে যাই। আমি তার অফিসে যাই। তিনি ব্যাপারটি এরই মধ্যে জেনে গিয়েছিলেন। আমি দরজা খুলি এবং মুখোমুখি হয়ে দেখি, আনচেলত্তি কাঁদছেন।’

কাসেমিরোর ভাষ্যমতে, ‘তিনি (আনচেলত্তি) আমাকে বলেছিলেন, ‘‘ক্যাসে, আমি জানি না আমি কেন কাঁদছি। কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি এবং তোমাকে যেতে দিতে চাই না।’’ সেই সময়ই আমি দ্বিধায় পড়েছিলাম (ম্যানচেস্টারে যাওয়ার ব্যাপারে)। আমি উপলব্ধি করেছিলাম, সেখানকার মানুষ আমাকে কত ভালোবাসতো। কিন্তু, আমি এরই মধ্যে কথা দিয়ে দিয়েছিলাম। এবং আমার কথা যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।’

রিয়ালের হয়ে তিনটি লা লিগা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি কোপা দেলরেসহ বেশ কিছু শিরোপা জেতেন ক্যাসে। তবে মাদ্রিদ ছাড়া নিয়ে কোনো আক্ষেপ নেই ৩২ বছর বয়সী এই তারকার।

ব্রাজিলের এই মিডফিল্ডার বলেন, ‘আমি (মাদ্রিদের হয়ে) সবকিছুই জিতেছি। আমি নতুন অভিজ্ঞতা খুঁজতে চেয়েছি। ছেড়ে যাওয়া সহজ ছিল না কিন্তু আমি মন স্থির করে ফেলেছিলাম যে আমি নতুন কিছু চাই, যেমন নতুন ভাষা, নতুন লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে। প্রতিদ্বন্দ্বিতা করার বয়স এখনো ভালোভাবেই আছে আমার, ভিন্ন ক্লাবে বেড় ওঠার। এখানে (ইউনাইটেডে) আসার প্রথম দিন থেকেই ক্লাবটি আমাকে দারুণভাবে মূল্যায়ন করেছে।’