Home খেলাধুলা ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি

২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি

53


স্পোর্টস ডেস্ক

লাহোরে ২০০৯ সালে শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও নিয়মিত নয় সেটি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাই মুখিয়ে ছিল দেশটির দর্শকরা। তবে প্রথম টি-টোয়েন্টিতে বেশ হতাশই হতে হলো তাদের।

পাকিস্তানের দর্শকদের হতাশ করেছে বেরসিক বৃষ্টি। বারবার হানা দেওয়া বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। শেষ পর্যন্ত ৫ ওভারে খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় সেটিও হয়নি। এদিন খেলা হলো মাত্র ২ বল। এরপর পরিত্যক্ত হয় ম্যাচ।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায়। তবে বৃষ্টির কারণে সেই টস হয় রাত নয়টায়। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ওপেন করতে মাঠে নামেন টিম সেইফার্ট ও অভিষিক্ত টিম রবিনসন। তবে খেলা শুরুর কয়েক মুহূর্ত আগেই আবার বৃষ্টির হানা। মাঠ ছেড়ে যান ক্রিকেটাররা।

দীর্ঘ সময় পর থামে বৃষ্টি। তবে ম্যাচ নেমে আসে ৫ ওভারে। বোলিংয়ে আসেন শাহিন আফ্রিদি। প্রথম বলেই লেগ বাই থেকে ২ রান নেন রবিনসন। তবে দ্বিতীয় বলেই দীর্ঘদেহী এই বোলারের সুইঙ্গারে বোল্ড হন রবিনসন। এরপর আবারও হানে বৃষ্টি। খেলা আর মাঠে গড়াতে পারেনি।

আইপিএল ব্যস্ততার কারণে এই সফরে নিউজিল্যান্ডের প্রথম সারির বেশ কিছু ক্রিকেটার আসতে পারেননি। পাকিস্তান দলেও এদিন বেশ কয়েকজন ক্রিকেটারের অভিষেক হয়। প্রথম ম্যাচ খেলতে নামেন টপ অর্ডার ব্যাটার উসমান খান ও মিডল অর্ডার ব্যাটার ইরফান খান। লেগ স্পিনার আবরার আহমেদেরও মেলে সুযোগ। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমিরও ছিলেন একাদশে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামীকাল শনিবার।