খুলনাঞ্চল রিপোর্ট
নাটোরে অপহরণের শিকার চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশার এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। তিনি কথা বলতে পারছেন না। মাঝে মাঝে আতঙ্কে ‘পায়ের নিচে বোমা’ বলে চিৎকার করে উঠছেন। চিকিৎসকরা ধারণা করছেন, মারপিট করে তাকে চেতনা নাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে। একারণে তাকে ডোপ টেস্টসহ বেশ কিছু পরীক্ষা করতে দেয়া হয়েছে।
বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় ৭ নম্বর বেডে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন দেলোয়ার হোসেন পাশা। চোখ আঘাতের কারণে ফুলে আছে। তাই চোখ মেলতে পারছেন না। তিনি অকাতরে ঘুমিয়ে আছেন। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু বলছেন যা বোঝা যাচ্ছে না।
তাকে দেখভালের দায়িত্বে আছেন তার মেজভাই মজিবুর রহমান। তিনি বলেন, প্রথমদিন একেবারেই বেহুঁশ ছিলেন। এখন জ্ঞান ফিরেছে। তবে পুরোপুরি না। পরিষ্কার করে কিছুই বলতে পারছেন না। মাঝে মাঝে আতঙ্কে চিৎকার করে উঠছেন। বলছেন, ‘আমাকে মেরে ফেলবে। কালো জ্যাকেট পড়ে আসছে।’ আবার বলছেন, ‘পায়ের নিচে বোমা রাখছে। বোম, বোম।’
তিনি আরও বলেন, ‘আমার ভাই শুধু প্রার্থী হয়েছিল বলে তাকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এর আগে আমার বড় ভাই এমদাদুল হকসহ আরও দুজনকে তুলে নিয়েছিল। তারা ফোন করে বলেছিল শুধু দেলোয়ারকে চাই। দেলোয়ার মনোনয়নপত্র জমা দিয়ে জেলা রিটার্নিং অফিস থেকে বের হতেই তাকে তুলে নিয়ে যায়। আমরা এখন দেলোয়ারকে আগে সুস্থ করতে চাই। তার মনোনয়ন জমা দেওয়া আছে। সুস্থ হলে অবশ্যই সে নির্বাচন করবে।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল হক বলেন, ‘রোগীকে নেশাজাতীয় বা চেতনানাশক কিছু খাওয়ানো হতে পারে। এ কারণে এখনও পুরোপুরি জ্ঞান ফিরছে না। তার ডোপ টেস্টসহ বেশ কিছু পরীক্ষা করতে দেয়া হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে কি অবস্থায় আছেন।’
তিনি আরও জানান, সিটি স্ক্যান করে দেখা হয়েছে রোগীর ব্রেইন ভালো আছে। সবকিছু ঠিক আছে। রোগী আশংকামুক্ত আছেন।
উল্লেখ্য, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন পাশা। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিমন্ত্রী পলক ও তার শ্যালক রুবেলের অনুসারীরা গত সোমবার বিকেলে একটি মাইক্রোবাসে করে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অপহরণ করে নির্যাতন করে। এরপর তাকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।











































