Home জাতীয় কুকি-চিনের আস্তানায় সেনাবাহিনীর রোমহর্ষক অভিযান

কুকি-চিনের আস্তানায় সেনাবাহিনীর রোমহর্ষক অভিযান

36

খুলনাঞ্চল রিপোর্ট।।

ফেসবুকে এক থেকে দুই বছর আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। পাহাড়ের দুই জেলার ৯ উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই।

একপর্যায়ে ইসলামি জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত হয় বার কয়েক। এরপর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় ফেরে দলটি। আগামী ২২ এপ্রিল সেই আলোচনায় আবার বসার কথা ছিল। কিন্তু এর আগেই পাহাড়ের দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি করে সশস্ত্র গোষ্ঠীটি। এখন শান্তি আলোচনার উদ্যোক্তারাও আর এ উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে চান না। তাই এক অনিশ্চয়তা, ত্রাসের আবহ তৈরি করেই রইল কেএনএফ।

এর আগে, ২০২৩ সালের জুন মাসে কুকি-চিনের আস্তানায় রোমহর্ষক এক অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা। এই অভিযানে গণমাধ্যমকর্মীদের অপারেশন দলের সঙ্গে নেয়া হয়েছিল। নিচে অপারেশনটির ওপরে প্রচারিত ভিডিওর ভিত্তিতে বর্ণনা করা হলো।

ঐ অভিযান পরিচালনার সময়ে সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীরা জানান, অনেক চেষ্টায় সেনাবাহিনীর টহল দল আমাদের সঙ্গে নিতে রাজি হয়। তবে নিরাপত্তার স্বার্থে হেলমেট ও বিপি পরতে হবে বলে জানানো হয়। কেএনএফ মূলত এ এলাকা দখল করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতো। দোলপাড়ার দুর্গম রাস্তা আমরা পাড়ি দেব। আমরা যখন এই পায়ে হাঁটা পথে এসেছিলাম, তখন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সবাই আমাদের নিষেধ করেছিল। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের একটি টহল টিমের সঙ্গে আমরা হিন্দোলতি পাড়াতে যাচ্ছি। মৃত্যুঝুঁকি নিয়ে আমরা রওনা দেই সেনাবাহিনীর দলের সঙ্গে। দুর্গম পাহাড়ের পথে পথে আইডি বিস্ফোরণের ঝুঁকি, জান হাতে নিয়ে চলা। কখনো আঁকাবাঁকা কখনো ঢালু আবার কখনো সোজা ওপরে, পাশে হাজার ফুট কিংবা তারও বেশি গভীর খাদ। শেষমেষ থাইকং এর কেএন এর একটি ক্যাম্পে পৌঁছে যাই আমরা। ততক্ষণে ক্যাম্প ছেড়ে পালিয়েছে সন্ত্রাসীরা। কিন্তু আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারা, যার কারণে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরে ঢুকতে হয় আমাদের।

কাছের ক্যাম্প থেকে গা-ঢাকা দেয় সন্ত্রাসীরা, তাই চোরাগোপ্তা হামলার শংকা থেকেই যায়। সেই ঝুঁকি মাথায় নিয়ে দুই হাজার ফুট নিচে নেমে আসি আমরা। এবার ঝিরি থেকে খাড়া পথে আবার উঠতে হবে প্রায় তিন হাজার ফুট। এমন পরিস্থিতিতে মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করে সন্ত্রাসীরা। পাহাড় বাইতে বাইতে ক্লান্ত হয়ে পড়লে প্রতিপক্ষ তখনই টার্গেট ফায়ার করে। যেখানে তৃষ্ণা নিবারণের জন্য একমাত্র ভরসা বৃষ্টি কিংবা ঝিরির পানি।

কেএন এর দলে যোগ না দিলে নির্যাতনের শিকার হতে হয় বলে স্থানীয়দের কয়েকজন জানান।

সকাল হতে জানা যায়- পাশের একটি কেএন এর ক্যাম্পে অভিযান চালাতে বেরিয়ে পড়েছে সেনাবাহিনীর অন্য একটি দল। আমরা তার ঠিক পেছনে আরেকটি দলের সঙ্গে রওনা হলাম। প্রথমে কেএন এর মূল কেন্দ্র টাইগার পোস্টে পৌঁছালাম আমরা। টাইগার পোস্টটিতে ২০ থেকে ২৫ জন কেএন এর সদস্য ছিল, ছিল একটি বাংকার। সেখান থেকেই বিপরীত দিক থেকে আসা কাউকে টার্গেট ফায়ার করতো তারা।

কেএন এর ক্যাম্প এবং পোস্টের আশেপাশের এলাকাজুড়ে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ফাঁদ পেতে রেখেছিল সন্ত্রাসীরা। একে একে সব আইইডি বোমা নিষ্ক্রিয় করে সেনাবাহিনী।

আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎই খবর আসে- আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন অগ্রবর্তী দলের এক সেনাসদস্য। তখনো অভিযান অব্যাহত রাখেন সেনাসদস্যরা। আহত সেই সেনা সদস্যকে নিতে আসে একটি হেলিকপ্টার। তাকে তুলে দিয়ে আবারো অভিযান শুরু করেন নির্ভিক দেশপ্রেমিক যোদ্ধারা।

খবর এলো সিলোভিপাড়া সন্ত্রাসমুক্ত হয়েছে। একইসঙ্গে দুঃসংবাদ এলো আহত সেনাসদস্য তুজাম আর নেই।

কারা এই কেএনএফ, কী চায় তারা:

২০২২ সালের গোড়ার দিকে কেএনএফের নাম নজরে আসে, প্রকাশ্যে আসতে থাকে তাদের নানা তৎপরতার খবরও। মূলত ফেসবুকে পেজ খুলে এই গোষ্ঠী তাদের অস্তিত্বের জানান দেয়। সঙ্গে ছিল সশস্ত্র তৎপরতা। বান্দরবানের বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। কেএনএফ ফেসবুক পেজে দাবি করে, রাঙ্গামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। সেগুলো হলো- বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি। তারা রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম- এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবি করে। তাদের কল্পিত সেই ‘রাজ্যের’ মানচিত্রও তাদের পেজে দিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা একাধিক বিবৃতিতে কথিত এই সংগঠন জানায়, কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) নামে একটি সশস্ত্র দল গঠন করেছে তারা। তাদের মূল সংগঠনের সভাপতি নাথান বম।

কেএনএফ সেই সময় দাবি করে, তাদের সামরিক শাখার শতাধিক সদস্য গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে পাড়ি জমায় বছর তিনেক আগে। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। ২০২২ সালে তারা আত্মগোপনে চলে যায়। তবে একাধিক সূত্র বলছে, কেএনএফের সশস্ত্র সদস্যের সংখ্যা শুরুতে খুব বেশি ছিল না। তখন হয়তো ১৫ থেকে ২০ জনের মতো সদস্য ছিল। কিন্তু পরে তাদের সংখ্যা বাড়ে।

কে এই নাথান বম:

কেএনএফের প্রধান হিসেবে যে নাথান বমের কথা বলা হয়, তিনি রুমা উপজেলার এডেন পাড়ার অধিবাসী। নাথান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতক। রুমার এডেন পাড়ায় কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) নামের একটি বেসরকারি সংগঠনেরও প্রতিষ্ঠাতা তিনি। তবে তিনি এখন কোথায় আছেন, সেটা জানা যায়নি। এডেন পাড়ার বাসিন্দা নাথান বমের এক প্রতিবেশী ২০২২ সালের মে মাসে জানিয়েছিলেন, নাথানকে মাস তিনেক ধরে এলাকায় দেখা যাচ্ছে না।

জঙ্গিদের প্রশিক্ষণে কেএনএফ:

পাহাড়ে কেএনএফের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে গণমাধ্যমকে জানিয়েছিল। ২০২২ সালের অক্টোবর মাসে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কেএনএফের সম্পর্কের কথা জানা যায়। রুমা উপজেলার ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকার সালাপৌপাড়ার কাছের কোনো স্থানে কেএনএফের আস্তানা ছিল বলে মনে করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছর অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া ও কেএনএফের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে।

কেএনএফের অবস্থা এখন কেমন:

দুই বছরে অন্তত নয়টি বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে কেএনএফ। গত বছর কেএনএফের সন্ত্রাসীদের চারটি হামলার ঘটনায় পাঁচ সেনাসদস্য নিহত হন। আরেক সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফের (গণতান্ত্রিক) সঙ্গে সংঘর্ষে গত বছর রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়া এলাকায় আটজন এবং রুমা উপজেলার মুয়ালপিপাড়া একজন নিহত হন। এছাড়া গত বছরের ৮ মে রোয়াংছড়ি উপজেলা পাইংখিয়ংপাড়া এলাকায় আওয়ামী লীগের একজন নেতাসহ বম জনগোষ্ঠীর তিনজন এবং ২০২৩ সালের ২২ মার্চ একই উপজেলার রামথারপাড়ায় থংচুল বম নামের এক কারবারিকে (পাড়াপ্রধান) গুলি করে হত্যা করা হয়। ২০২২ সালের ২১ জুন রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

সম্প্রতি পাহাড়ের দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি করে কেএনএফ
সম্প্রতি পাহাড়ের দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি করে কেএনএফ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জঙ্গিদের সঙ্গে কেএনএফের সম্পর্ক নিশ্চিত হয়ে অভিযান চালায়, তখন বিশেষ করে রুমা, থানচিসহ পাহাড়ের বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে থাকে। ওইসব অঞ্চলে পর্যটন বন্ধ হয়ে থাকে দীর্ঘ সময় ধরে। বমদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মিজোরামে চলে যান। এ সময়ের সুযোগ নেয় কেএনএফ। আর তখন নতুন করে বেশ কিছুসংখ্যক যুবককে তারা দলে ভেড়ায় বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলে, এখন কেএনএফ দাবি করে- তাদের সদস্যসংখ্যা সাত শতাধিক। এতটা না হলেও কাছাকাছি হবে বলে তাদের ধারণা।

কেএনএফের এ তৎপরতার প্রভাব কী হতে পারে:

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম। তিনি বলেন, কেএনএফের নতুন করে এই হামলার বড় ধরনের প্রভাব আছে। এর ফলে পাহাড়ে, বিশেষ করে কেএনএফ অধ্যুষিত এলাকাগুলোর শান্তি অনেকটা অনিশ্চিত হয়ে গেল। তার ধারণা, কেএনএফের সঙ্গে হয়তো পাহাড়ের আর কোনো বড় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নতুন যোগাযোগ সৃষ্টি করেছে। বড় গোষ্ঠী চাইছে না এখনই শান্তি আলোচনায় যাক কেএনএফ। কারণ, এতে তাদের প্রভাববলয় নষ্ট হয়ে যাবে।

কেএনএফের সশস্ত্র তৎপরতার সঙ্গে ভারতের মণিপুরের কুকিদের সঙ্গে স্থানীয় মেইতেইদের সঙ্গে চলমান সশস্ত্র বিরোধ, মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর অব্যাহত সংঘাতকে দূরে রাখার অবকাশ নেই বলেই মনে করেন এমদাদুল ইসলাম।