Home আঞ্চলিক আবারও সুন্দরবনের পথে বরিশালে চলে যাওয়া সেই কুমির

আবারও সুন্দরবনের পথে বরিশালে চলে যাওয়া সেই কুমির

93

স্টাফ রিপোর্টার।।
স্যাটেলাইট ট্যাগ লাগিয়ে সুন্দরবনসহ বিভিন্ন নদীতে ঘুরে বেড়াচ্ছে ৪টি কুমির। যাদের মধ্যে একটি কুমির সুন্দরবন ছেড়ে চলে গিয়েছিল বেশ দূরে বরিশালের পিরোজপুরের কোনো একটি নদীতে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, কুমিরটি আবারও ফিরে আসতে শুরু করেছে ‍সুন্দরবনের দিকে। কুমিরের গায়ে স্যাটেলাইট বসিয়ে গতিবিধি লক্ষ্য করা গবেষকদের একজন আইইউসিএনের ম্যানেজার ও প্রকল্পের সমন্বয়কারী সারোয়ার আলম দীপু একথা জানিয়েছেন।

সুন্দরবনে কুমির ব্যবস্থাপনা ঠিক রাখতে ও এর গতিবিধি জানতে চারটি কুমিরের শরীরে স্যাটেলাইট বসানো হয় গত ১৬ মার্চ। সুন্দরবনে ছেড়ে দেয়া হয় কুমিরগুলো। গত ১১ দিনে তিনটি কুমির সুন্দরবনে লবণ পানিতে থাকলেও একটি কুমির মিঠা পানির দিকে চলে যায়।

গবেষকরা মঙ্গলবার (২৬ মার্চ) তার অবস্থান পেয়েছিলেন পিরোজপুরের একটি নদীতে। একদিন পরেই কুমিরটির অবস্থান ফের সুন্দরবনের দিকে ধাবিত হচ্ছে। কুমিরটির এভাবে চলে যাওয়া বা ফিরে আসাকে স্বাভাবিক হিসেবে দেখছেন দুই গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা।

 

কুমিরের গায়ে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে নদীতে অবমুক্ত করার কাজটি যৌথভাবে করছে বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন)। তাদের সহযোগিতা করছে, জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিআইজেড)।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার (আইইউসিএন) ম্যানেজার ও প্রকল্পের সহকারী সারোয়ার আলম দীপু বলেন, প্রতি এক ঘণ্টা পর পর কুমিরের অবস্থান সম্পর্কে জানতে পারি। যখনই কুমির পানির নিচ থেকে ভেসে ওঠে তখনই এটির অবস্থার জানা যায়। ওই স্যাটেলাইটের মাধ্যমে মোবাইলেই আমরা তাদের অবস্থান জানতে পারি। অনেকটা জিপিএস ট্রাকিংয়ের মতো। তবে জিপিএস ট্রাকিংয়ে নেটওয়ার্ক যুক্ত থাকতে হয়, স্যাটেলাইটে নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।

সুন্দরবনে কী পরিমাণ ধারণ ক্ষমতা আছে, সুন্দরবনের কুমির বাইরে যায় কি না, কুমির ব্যবস্থাপনা কী হবে, যেসব কুমির প্রজনন করছি আমরা সেগুলো নদীতে কীভাবে তাদের জীবন কাটায়, এদের জীবনকাল কেমন থাকছে, এরা খাবার পাচ্ছে কি না, কোন ধরনের নদী এরা পছন্দ করে, কোন জায়গায় এরা বাসা বাধা, এগুলোর বিস্তারিত জানার জন্য এই গবেষণা। যার মাধ্যমে আমরা কুমিরের সুষ্ঠু ম্যানেজমেন্টনা করতে পারি।

 

চারটি কুমিরের মধ্যে একটি কুমির গত তিনদিন আগে সুন্দরবনের লবণ পানি ছেড়ে মিষ্টি পানির দিকে চলে যায়। এটিকে খুব স্বাভাবিক ঘটনা জানিয়ে সারোয়ার দিপু বলেন, গত তিনদিনে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিরোজপুরের মিষ্টি পানিতে চলে গিয়েছিল। গত একদিনে কুমিরটি আবারও ৫০ কিলোমিটার নিচের দিকে নেমে আসছে। কুমিরটি হয়তো তার জন্য উপযোগী একটা জায়গা খুঁজছিল।

কুমিরের স্বাভাবিক আচরণে কোনো পরিবর্তন আসছে কি না এটা এখনই বলার সময় আসেনি জানিয়ে দিপু বলেন, গবেষণা মাত্র শুরু হলো। এই ১১ দিনে এটা বলা সম্ভব নয়। এজন্য দীর্ঘ গবেষণা প্রয়োজন। যেটি আমরা করছি। এক বছর মেয়াদের এই গবেষণা শেষে আমরা হয়তো কোনো একটা ফলাফল দিতে পারবো।

দুটি পুরুষ কুমির এবং দুটি স্ত্রী কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে গত ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে এ সময়টাতে সুন্দরবনের বিভিন্ন স্থানে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে পুরুষ কুমির জুলিয়েট সুন্দরবনের করমজলে অবস্থিত দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্রের পুকুরে ছিল। আর স্ত্রী কুমির মধুকে সম্প্রতি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা থেকে উদ্ধার করা হয়।

সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী আছে। বিভিন্ন প্রাণী নিয়ে এর আগে গবেষণা করা হলেও এবারই প্রথম কুমির নিয়ে গবেষণা করা হচ্ছে। এর মাধ্যমে আমরা কুমিরের প্রজনন, কুমিরের অবস্থান কুমিরের বাসস্থান, কুমিরের খাদ্য সম্পর্কে আরও ভালো ধারণা পাবো। যার মধ্যমে সুন্দবনের লবন পানিতে কিংবা অন্য স্থানে কুমিরের ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক প্রয়োগ করতে পারবো।