Home আঞ্চলিক সাতক্ষীরায় ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

55

সাতক্ষীরা প্রতিনিধি ||

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ইউপি সদস্য কয়েকজন যুবক এবং দুই নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভিডিওটি ভাইরাল হয়।

মাদক সেবনকারী সরোয়ার হোসেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

নগরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু জানান, তিনি ভিডিও দেখামাত্র ইউপি সদস্যের কাছে এ বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলেন। ইউপি সদস্য সরোয়ার হোসেন ওই ভিডিও এডিটিং করা হয়েছে বলে তাকে জানিয়েছেন। আজ সন্ধ্যায় তাকে আসতে বললেও তিনি আসেননি।

ঘটনাটি সম্পর্কে জানতে সরোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বর্তমানে ওই ইউপি সদস্য পুলিশের নজরদারিতে রয়েছেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, ঘটনাটি তদন্ত করে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।