নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরার কালিগঞ্জে হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার প্রাঙ্গণে প্রতিদিন ৬ হাজার রোজাদার একত্রে ইফতার করেন।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্দেশনায় এবং কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ব্যবস্থাপনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইফতারের উদ্দেশ্যে নলতায় ছুটে আসেন রোজাদাররা। ধনী-গরিব নির্বিশিষে সব মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করেন।
কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সদস্য আনিসুজ্জামান খোকন জানান, হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ১৯৩৫ সালে নিজের হাতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। মিশন প্রতিষ্ঠার পর তিনি নিজেই প্রতিবছর রমজানে মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন।
১৯৫০ সাল থেকে প্রতিবছর রমজানে ইফতারের আয়োজন করে আসছেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন। ইফতার সামগ্রী বিতরণের জন্য রয়েছে প্রায় আড়াই শ স্বেচ্ছাসেবক। ইফতারের তালিকায় থাকে ফিরনি, ডিম, চিড়া, ছোলা ভুনা, খেজুর, সিঙ্গাড়া ও কলা।
রোজাদারদের জন্য প্রতিদিন প্রায় ৬ হাজার প্লেট ইফতার প্রস্তুত করা হয়। এখানে প্রতিদিন ১৫ মণ দুধের ফিরনি তৈরি করা হয়। এ ছাড়াও নলতা শরীফের আশপাশের এলাকার মসজিদ ও বাড়িতে পৌঁছে দেওয়া হয় এক থেকে দেড় হাজার রোজাদারের ইফতার।
প্রতিদিন ইফতারের আগে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতার শেষে আদায় করা হয় মাগরিবের নামাজ।











































