মিলি রহমান।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাত পোহালেই ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরইমধ্যে স্মৃতিসৌধকে ধুয়ে মুছে, ফুল আর রঙ-তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ।
দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা সৌধ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও সড়ক-মহাসড়কে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে স্পেশাল ব্যবস্থা। যেন ওইদিন ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো প্রকার অসঙ্গতি না থাকে সে ব্যাপারে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।











































