Home খেলাধুলা তামিমের ফিফটির ম্যাচে দলের হার, জন্মদিনে দুর্দান্ত সাকিব

তামিমের ফিফটির ম্যাচে দলের হার, জন্মদিনে দুর্দান্ত সাকিব

42

স্পোর্টস ডেস্ক

৩৭ তম জন্মদিনটা সাকিব আল হাসান রাঙিয়েছেন নিজের মতো করে। ব্যাটিং-বোলিংয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স।

 

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছে হেসেখেলে। তিনি ব্যাট হাতে ৩৪ রান সংগ্রহের পাশাপাশি ১ উইকেট শিকার করেন।

তবে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল দারুণ খেললেও তার দল প্রাইম ব্যাংক জয়ের মুখ দেখেনি। তিনি ব্যাট হাতে ৫৪ রান করেন।

ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

লিগের প্রথম চার রাউন্ডে জয়ী প্রাইম ব্যাংককে রোববার ছয় উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ।

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্য ২১ বল বাকি থাকতে জয় পায় গাজী গ্রুপ। দলের জয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল আব্দুল গাফফার সাকলাইন নেন চার উইকেট।

অন্যদিকে পরাজয়ের বৃত্তে আটকে আছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে তাদেরকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২২৯ রানের লক্ষ্য ৩৩ বল আগেই ছুঁয়ে ফেলেছে তারা। পাঁচ ম্যাচে শেখ জামালের চতুর্থ জয় এটি। সমান ম্যাচে এখনও প্রথম জয়ের অপেক্ষায় রূপগঞ্জ টাইগার্স।

বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ২১৭ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৬৫ রানে গুটিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। সমানসংখ্যক ম্যাচে সবকটিই হারল সিটি ক্লাব।