ঢাকা অফিস
দৈনিক সময়ের আলোর প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা হয়েছে।
সাব্বির আহমেদের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে শনিবার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় এক নম্বর আসামি এস এম ইমরুল রুদ্র (২২)। তিনি তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলে থাকেন। হামলার ঘটনায় তাকে কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে ইতোমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
অন্য দুই আসামি হলেন- সাইফুল নিজাম কায়সার (২৩) ও রাহুল (২২)। তারাও একই হলে থাকেন।
বনানী থানার ডিউটি অফিসার রিয়াদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজহারে বলা হয়েছে, সাব্বির আহমেদ সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বর্তমানে দৈনিক সময়ের আলো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদন প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় আসামিরা সাংবাদিক সাব্বিরের ওপর ক্ষিপ্ত ছিল।
এজহারে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাব্বির তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি হলের মূল ফটকের সামনে বটতলায় পৌছানো মাত্রই আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে তার পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামি রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশে সাব্বিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। সেইসঙ্গে আসামি সাইফুল হকিস্টিক দিয়ে পিঠের ডানপাশে সজোরে আঘাত করে তাকে জখম করে। এছাড়া অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে ভুক্তভোগীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে সাংবাদিক সাব্বিরের হাতে, পায়ে, বুকে, পিঠে, কানে, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এদিকে শনিবার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এদিকে সাংবাদিক সাব্বির আহমদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম- বাংলাদেশ (ইউডিজেএফবি)। তিনি নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্য। এছাড়া রোববার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গনে হামলার ঘটনায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক সমিতি মানববন্ধন করেছে।











































