Home আঞ্চলিক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে যক্ষ্মা রোগীদের চিকিৎসা

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে যক্ষ্মা রোগীদের চিকিৎসা

68

স্টাফ রিপোর্টার||
খুলনায় জরাজীর্ণ হাসপাতাল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যক্ষ্মা রোগীদের চিকিৎসা। ৫৯ বছর আগে নির্মিত ভবনের ছাদ ধসে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি। এ অবস্থায় হাসপাতালে কমে যাচ্ছে ভর্তি রোগীর সংখ্যা। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসকসহ অন্যান্য জনবল এবং যন্ত্রপাতি সংকট প্রকট। খুলনা বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের এসব সংকট নিরসনে নেই কার্যকর কোনো উদ্যোগ। খুলনা নগরীর মীরেরডাঙ্গা এলাকায় অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালের ২তলা ভবন নির্মিত হয়েছিল ১৯৬৫ সালে। দীর্ঘদিনেও সংস্কার না করায় ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ছাদের পলেস্তরা খসে পড়ছে রোগী, তাদের স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গায়ে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ফলে কমে যাচ্ছে রোগীর সংখ্যা। ১০০ শয্যার এ হাসপাতালে এখন রোগী ভর্তি থাকে ৩৫/৪০ জন। আগে বেশিরভাগ শয্যাতেই রোগী ভর্তি থাকতো।

হাসপাতালের রোগী শফিকুল ইসলাম, মুশফিকুর রহমান ও সালেহা বেগম বলেন, ছাদ থেকে মাঝেমাঝে বড় বড় পলেস্তারা খসে পড়ে। সে কারণে সবসময় আতঙ্কে থাকতে হয়। টয়লেটের অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ টয়লেটের দরজা নেই। টয়লেটের সংখ্যাও পর্যাপ্ত নয়। সে কারণে সকালে টয়লেটে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয়। সব বেডের ওপর ফ্যান নেই।

রোগীরা জানান, হাসপাতালের বহিঃর্বিভাগে প্রতিদিন গড়ে ৬০ থেকে ১০০ জন রোগী চিকিৎসা নেয়। এছাড়া ভর্তি রোগী থাকে। কিন্তু হাসপাতালে ওষুধের সংকট রয়েছে। সব ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয় না। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়। খাবারের মান নিয়ে সন্তুষ্ট নয় রোগীরা। বেশিরভাগ দিন ফার্মের মুরগি দেয়া হয়। মাছ দেয়া হয় মাসে মাত্র একদিন। আগে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম দেয়া হলেও তিন মাস ধরে তা বন্ধ। প্যাথলজিক্যাল অনেক পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করে আনতে হয়।
হাসপাতালের নার্সরা জানান, ২০০৯ সালে দেয়া ডিজিটাল এক্সরে মেশিনটি মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে। ৩ মাস আগে নতুন একটি এক্সরে মেশিন দেয়া হয়েছে। কক্ষ সংস্কার করে সেটি স্থাপনে ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা বরাদ্দ না থাকায় ফেলে রাখা হয়েছে মেশিনটি। তাদের বসার জন্য পর্যাপ্ত কক্ষ নেই। যে কক্ষগুলো আছে তা খুবই ছোট।

কর্মকর্তা-কর্মচারীরা জানান, হাসপাতালের ৬টি আবাসিক ভবনের সবগুলোই পরিত্যক্ত। যার ফলে তাদেরকে বাইরে থাকতে হয়। এছাড়া হাসপাতালের সীমানা প্রাচীর নিচু হওয়ায় মাদকসেবীরা হাসপাতালের মধ্যে ঢুকে মাদক সেবন করে। ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও পুলিশকে জানিয়েও তা ঠেকানো যাচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের ১১টি পদের মধ্যে ৫টি দীর্ঘদিন ধরে শূন্য। এছাড়া অন্যান্য ১৭৩টি পদের মধ্যে শূন্য রয়েছে ৬২টি।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পার্থ বিশ্বাস জানান, আমাদের এখানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। নেই আইসিইউ এবং সিসিইউ সুবিধাও। এখানে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়। কিন্তু বেশি শ্বাসকষ্টের রোগীকে ইনকিউবেশন দেয়ার সুযোগ নেই। অপারেশন থিয়েটারের সুবিধা ছাড়া রোগীর লাঞ্চ থেকে মাংস নিয়ে পরীক্ষা করা যায় না। কিন্তু এখানে অপারেশন থিয়েটারও নেই। যারা ভর্তি হয় তাদের বেশিরভাগই শ্বাসকষ্টের রোগী, তাদের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রয়োজন হলেও তা নেই।

তিনি বলেন, হাসপাতাল ভবনটি আর সংস্কারের উপযোগী নেই। প্রতিটি কক্ষের জানালা ভাঙ্গা। শীতকালে জানালা দিয়ে বাতাস আসে। বাতাসে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট আরও বেড়ে যায়। এছাড়া বর্ষকালে জানালা দিয়ে পানি ঢোকে।
হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালের জনবলসহ অন্যান্য সমস্যা ও সংকট নিরসনের জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ৪ মাস আগে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে ৩টি ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী অমিত বিশ্বাস বলেন, হাসপাতালে প্রতি তলা ১৫ হাজার বর্গফুটের ৬ তলা ফাউন্ডেশনে ৪ তলা হাসপাতাল ভবন, প্রতি তলা ৫ হাজার বর্গফুটের ৬ তলা ফাউন্ডেশনে ৩ তলা ডক্টর ডরমেটরি এবং প্রতি তলা ৫ হাজার বর্গফুটের ৬ তলা ফাউন্ডেশনে ৩ তলা নার্সেস কোয়াটার নির্মাণের একটি প্রকল্প প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনও অনুমোদন মেলেনি।
প্রসঙ্গত, পুরো খুলনা জেলায় গত বছর যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ১৫ জন এবং চলতি বছর এ সংখ্যা ৮২৮ জন।