খুলনাঞ্চল ডেস্ক।।
ভারতের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসু ও তার স্ত্রী কৃষ্ণা বসু মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে যে অবদান রেখেছেন তার বিস্তারিত তুলে ধরলেন তাদের ছেলে অধ্যাপক সুগত বসু।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স বিভাগের গার্ডিনার প্রফেসর সুগত বসু শুক্রবার সকালে ঢাকায় এসেছেন। এদিন বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্মৃতি সংরক্ষণ’ শিরোনামে একক বক্তৃতা দেন তিনি।
সুগত বসুর ভাষ্যে উঠে আসে, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে কলকাতার নেতাজি ভবনের নানা উদ্যোগের কথা। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও তৎকালীন ভারতে অন্যতম সেরা চিকিৎসকদের একজন শিশির কুমার বসু এপ্রিলের শুরুতেই তার কাজ শুরু করেন।
সুগত বসু শোনান, এপ্রিল মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর মন্ত্রিপরিষদ সদস্যরা কলকাতার নেতাজি ভবনে নিয়মিত যাতায়াত শুরু করলেন। তখন মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করার লক্ষ্যে এপ্রিল মাসে নেতাজি ভবনের নিচতলায় বিভিন্ন কার্যক্রম শুরু হলো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ২৫ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতালের কার্যক্রম শুরু হয় নেতাজি ভবনের সামনে। পরে শিশির কুমার বসুর পরামর্শে সত্যেন বসু রায়ের নেতৃত্বে বনগাঁ সীমান্তে বকচরা নামক স্থানে ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়। সেই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের দায়িত্বে ছিলেন ডা. অশোক সেনগুপ্ত। শিশির বসু ফিল্ড হাসপাতাল স্থাপন করে থেমে থাকেননি। পাকিস্তানি হানাদারদের ভীতিজাগানিয়া সীমান্ত চৌকি পেরিয়ে যশোর, খুলনার নানা হাসপাতালে নিয়মিত ওষুধ সরবরাহ করতেন তিনি।
সেপ্টেম্বর মাস, শিশির কুমার বসু ও তার স্ত্রী কৃষ্ণা বসুর নজর তখন ইউরোপে। বাঙালির মুক্তিসংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে ব্রতী হন তারা।
১৯৭২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার রাজভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সুভাষ চন্দ্র বসু তার জেল জীবনে গানের খাতায় ১৭টি প্রিয় গান স্বহস্তে লিখে রেখেছিলেন। তাতে ছিল বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’। সিল্ক স্ক্রলে লাল অক্ষরে সেই গানগুলোর প্রতিরূপ করে শিশির বসু ও কৃষ্ণা বসু তা তুলে দেন বঙ্গবন্ধুর হাতে।
সুগত বসু বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মুক্তির গান নেতাজির জয়গান। আমরা বিশ্বাস করি, এই বাংলার মাটি, জল, আকাশ, সবুজ-শ্যামল প্রকৃতি বাঙালিকে যে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে, তার প্রভাব পড়েছে বাঙালির শিক্ষা-দীক্ষা ও স্বভাবে। এই নরম মাটিতে জন্মেছেন বলেই বাঙালি সত্য-সুন্দরের উপাসক।
তিনি বলেন, ষাটের দশকে পূর্ব পাকিস্তানের সৃষ্টিশীলতার খবর কলকাতায় পৌঁছে যেত। তখন শামসুর রাহমানের কবিতা এ দেশে দারুণভাবে সমাদৃত। ১৯৭১ সালের পরে দুই বাংলার সাহিত্য-সংগীত জগতে এক নতুন মেলবন্ধনের সূচনা হয়। দুই বাংলার পরিচয়টা তখন আরও নিবিড় হলো।
শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার ট্রাস্টি ডা. সারওয়ার আলী, সারা যাকের, আসাদুজ্জামান নূর ও মফিদুল হক।
সারওয়ার আলী বলেন, আজকে সমাজে ধর্মের নামে মানুষে-মানুষে যখন বিভক্তি দেখি; দুনিয়াজুড়ে দুর্বলের ওপর প্রবল অত্যাচারের ঘটনা প্রত্যক্ষ করি, তখন আমাদের স্মরণে আসে মহান মুক্তিযুদ্ধের কথা। এই বিভাজিত সমাজ ব্যবস্থায় ঐক্য ফেরাতে আমাদের ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের কাছে। নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসের কাছে।
সারা যাকের মুক্তিযুদ্ধ জাদুঘরের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপনের সময় জানান, গত অর্থবছরে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয় হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা; ব্যয় হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ টাকা। ৪ কোটি ৫ লাখ টাকারও বেশি যে ঘাটতি হয়েছে তা মুক্তিযুদ্ধ জাদুঘর পুষিয়ে নিতে পেরেছে বলে জানান তিনি।











































