নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। বিভিন্ন বনজ ও ফলদ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য।
সরেজমিন দেখা গেছে, উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে নদীর পাড়ঘেঁষে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির বিশেষ চুলা (চুল্লি)। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মণ কাঠ পোড়ানো হচ্ছে। চুল্লিগুলো রাস্তার পাশে হওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা কারখানার পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। জনবসতি এলাকা ও ফসলি জমি নষ্ট করে এসব কারখানা স্থাপন করা হয়েছে।
আলাপকালে চুল্লিতে কর্মরত শ্রমিকরা জানান, চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে একটি মুখ খোলা রেখে অন্য মুখগুলো মাটি এবং ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। খোলা মুখ দিয়ে আগুন দেওয়া হয় চুল্লিতে। আগুন দেওয়া শেষ হলে সেটিও বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১০ থেকে ১৫ দিন পোড়ানোর পর চুলা থেকে কয়লা বের করা হয়। প্রতিটি চুল্লিতে প্রতিবার প্রায় ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। পরে এই কয়লা শীতল করে ব্যবসার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের কামরুল ইসলাম, আলাউদ্দিন আলী, হাবিব, তসলিম, হারুণ মোল্যা, জিয়া মোল্যা, নুরুল ইসলাম প্রমুখ শতাধিক কয়লা তৈরির চুল্লি নিয়ন্ত্রণ করেন। তারা সবাই স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি।
কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম না প্রকাশের শর্তে জানান, চুল্লি মালিকরা কারও কথার তোয়াক্কা করেন না। রাস্তার পাশে কয়লা তৈরির কারখানা স্থাপন করে সারাদিন খোলা জায়গায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন। একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অপরদিকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত নানা ব্যাধিতে ভুগছে স্থানীয়রা। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে বিভিন্ন গাছপালায় মড়ক দেখা দিয়েছে। গাছের ফল-মুকুল নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলেন, হাজার হাজার টন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তারা না ভাবছে পরিবেশের কথা, না জনস্বাস্থ্যের।
কলেজপড়ুয়া রায়হান বলেন, চুল্লির ধোঁয়ায় আশপাশের বাসিন্দাদের চোখ জ্বালাপোড়া করে, খুশখুশে কাশি হয়। সারাদিন প্রচণ্ড গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা যায় না।
চুল্লি মালিক কামরুল ইসলামের ভাষ্য, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ হলেও কিছু করার নেই। তারা নিজেদের জমির ওপর চুল্লি তৈরি করে ব্যবসা করছেন। এতে কিছু লোকের কর্মসংস্থান হচ্ছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলীমুর রাজিব জানান, কয়লা তৈরিতে কাঁচা কাঠ পোড়ানোয় কার্বন ও সিসা নির্গত হয়। যে এলাকায় এসব চুলায় কাঠ পুড়িয়ে ধোঁয়ার সৃষ্টি করা হচ্ছে, সেখানে পরিবেশ দূষিত হচ্ছে। ফলে শিশুসহ বয়স্করাও ফুসফুসের সমস্যা, অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগ ও অ্যালার্জির সমস্যার সম্মুখীন হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি এই ধোঁয়া নিলে ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বলেন, এসব চুল্লি আগে একবার ভেঙে দেওয়া হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এসব ভেঙে দেওয়া হবে। সরকারি অনুমোদন ছাড়া কয়লার কারখানা স্থাপন করা যাবে না।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ইকবাল হোসেন জানান, এর আগে কয়েকবার অভিযান পরিচালনা করে চুল্লিগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং মালিক পক্ষকে জরিমানা করা হয়েছে। শিগগিরই আবারও অভিযান পরিচালনা করা হবে।











































