খুলনাঞ্চল রিপোর্ট।।
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ’র নাবিকদের সাথে গতকাল থেকে এখন পর্যন্ত আর যোগাযোগ করতে পারেনি জাহাজের মালিকপক্ষ কিংবা জিম্মিদের পরিবার। এদিকে এখনো জলদস্যুরা কোন মুক্তিপণ দাবি করেনি বলে জানিয়েছে মালিকপক্ষ।
জাহাজের মালিক কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিং এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, গত শুক্রবার সোমালিয়ার উপকূলের কাছে সরিয়ে নেওয়ার পর শনিবারও একই অবস্থানে ছিল জিম্মি জাহাজটি। সর্বশেষ শনিবার রাতে যোগাযোগ করে জাহাজটি একই অবস্থানে থাকার তথ্য নিশ্চিত করেছে মালিকপক্ষ।
তবে গতকাল থেকে এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ হয়নি।এদিকে মুক্তিপণের বিষয়ে এখনো নাবিকদের কিংবা জাহাজের মালিকপক্ষকে কিছু জানায়নি সোমালি জলদস্যুরা। তবে সমঝোতার কাজ এগিয়ে রাখতে মালিকপক্ষের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
এদিকে ভারতীয় নৌবাহিনী এক্সে শনিবার জানিয়েছে, মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন জাহাজকে প্রায় ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে উদ্ধার করা হয়েছে। এ সময় ১৭ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে ভারতীয় নেৌবাহিনীর কমান্ডো দল। জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছে বলে জানানো হয় ভারতীয় নেৌবাহিনীর পক্ষ থেকে।
তবে সোমালিয় জলদস্যুদের হাতে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশী জাহাজ এম ভি আব্দুল্লাহর বিষয়ে এ ধরনের অভিযানে আগ্রহী নয় জাহাজটির মালিকপক্ষ। কেননা জাহাজটিতে জিম্মি থাকা ২৩ নাবিকের জীবন যেকোনো মূল্যে রক্ষা করাটাই মালিকপক্ষের উদ্দেশ্য বলে জানিয়েছে মালিকপক্ষ।
মঙ্গলবার ভারত মহাসাগরে নাবিকসহ বাংলাদেশি জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। বৃহস্পতিবার দুপুরে দস্যুরা জাহাজটি উপকূলে নিয়ে যায়। এরপর দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জাহাজটি গ্যারাকাদ উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে ছিল। সেখান থেকে শুক্রবার ৪০-৪৫ নটিক্যাল মাইল উত্তরে নিয়ে যায় দস্যুরা।











































