ঢাকা অফিস।।
বিভিন্নভাবে নিম্ন মানের যন্ত্রাংশ সংগ্রহ করে তারা বিভিন্ন ব্রান্ডের ফোনের মতো হুবহু নকল ফোন তৈরি করে আসছিলেন। এসব নকল ফোন রাজধানীর দুইটি মার্কেটসহ দেশের বিভিন্ন মোবাইল মার্কেটে অর্ধেক দামে বিক্রি করা হচ্ছিল। তাদের তৈরি করা নকল ফোন দেখতে এতটাই নিখুঁত যে ক্রেতাদের কোনোভাবে বুঝার উপায় নেই যে ফোনটি নকল। এসব ফোন বিক্রি করতো অর্ধেক দামে। বলছি শিমুল, আল আমিন হোসেন ও রাসেলের কথা।
এদের মধ্যে শিমুল এইচএসসি পাস করেছেন। আল আমিন হোসেন (২৪) পড়েছেন ৮ম শ্রেণী পর্যন্ত। আর রাসেল (৩১) ৫ম শ্রেণী পাশ।
রাজধানীর কলাবাগানা থানায় করা একটি মামলায় নকল ফোন তৈরি চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গত শনিবার কলাবাগানের ইস্টার্ন প্লাজা মাকেট থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল তৈরির যন্ত্রাংশসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩১৭টি নকল মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, চক্রটির সদস্যরা দীর্ঘ দিন ধরে ভিভো, অপ্পো, আইফোন, রেডমি, রিয়েলমি স্মার্ট ফোন ও নোকিয়া বাটন ফোনের মাদারবোর্ড ও বিভিন্ন নিম্নমানের যন্ত্রাংশ সংগ্রহ করে এসব নামি-দামি ব্রান্ডের নকল ফোন তৈরি করে আসছে। এরপর তারা আইএমইআই স্টিকার ও ফোনের বক্সসহ অন্যান্য সামগ্রী তৈরি করে এসব নকল রাজধানীর মোতালেব প্লাজার ও নাহার প্লাজাসহ ঢাকার বাইরে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে কুরিয়ার করে বিক্রি করে আসছিল। পরে ব্যবসায়ীরা এসব ফোন সেকেন্ড হ্যান্ড বলে নির্ধারিত মূল্যের অর্ধেক দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে। এসব নকল ফোন দেখতে বিভিন্ন ব্রান্ডের অরজিনাল ফোনের মতো হুবহু। এমনকি অরিজিনাল ফোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এসব নকল ফোনে।
ডিবি প্রধান বলেন, চক্রটি কলাবাগানের ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় এসব নকল ফোন তৈরি করত। যদিও তারা বেশি লেখা পড়া জানে না। কিন্তু তারা বিভিন্ন নামি-দামি ব্রান্ডের হুবহু নকল ফোন তৈরি করে আসছিল। নকল ফোন তৈরির যন্ত্রাংশ তারা বিভিন্ন উপায়ে সংগ্রহ করত। প্রথমত তারা বিভিন্ন চোরাই ফোনের যন্ত্রাংশ কিনত এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বিদেশ থাকে নিম্নমানের যন্ত্রাংশ এনে এসব নকল ফোন তৈরি করে আসছে। তাদের কাছে আরো যেসব যন্ত্রাংশ ছিল সেগুলো দিয়ে তারা প্রায় হাজারখানেক নকল মোবাইল ফোন তৈরি করতে পারত।











































