ঢাকা অফিস।।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ডের রায়ের দুটি অংশ (কনভিকশন ও সেনটেনস) স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
এর ফলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্তকরণ (কনভিকশন) কার্যকর থাকবে। তবে আসামিরা আপিল করায় তা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাজা ও জরিমানা স্থগিত থাকবে। যত দ্রুত সম্ভব আপিল নিস্পত্তি করবেন আপিল ট্রাইব্যুনাল। এছাড়া দেশের বাইরে গেলে তাদের সংশ্লিষ্ঠ আদালতকে অবহিত করতে হবে।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আর ড. ইউনূসসহ চারজনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের করা এই মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। এরপর শ্রম আদালতের দেওয়া রায় ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এদিকে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশের অংশবিশেষের বৈধতা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে ক্রিমিনাল রিভিশন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাতে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিস্পত্তি করে আজ সোমবার রায় দেন হাইকোর্ট।











































